সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলন্ত ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে মো. ইসমাইল (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার রায়হান হোসেন (২০) আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে কাঁচপুর এলাকায় স্কয়ার নীট কম্পোজিট গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাউছিয়া এলাকা থেকে একটি ট্রাক কাঁচপুরের দিকে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ডভ্যানটি ট্রাকের ওপর উল্টে পড়ে। এতে ট্রাকচালক ইসমাইল চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন হেলপার রায়হান।

দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান সড়কে পড়ে থাকায় দ্রুত যানজট ছড়িয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকেরা।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা জানান, দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights