অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত-অযৌক্তিক ব্যবহারে জীবনরক্ষাকারী ওষুধই হুমকির মুখে
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
অ্যান্টিবায়োটিক চিকিৎসাবিজ্ঞানে এক যুগান্তকারী আবিস্কার। নিউমোনিয়া, টাইফয়েড, সেপসিসসহ অসংখ্য প্রাণঘাতী ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ নিয়ন্ত্রণে এই ওষুধের ভূমিকা অপরিসীম। কিন্তু অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ও অযৌক্তিক ব্যবহার আজ এই জীবন রক্ষাকারী ওষুধগুলোকেই হুমকির মুখে ফেলছে। চিকিৎসাবিজ্ঞানের এই ক্রমবর্ধমান সংকটের নাম অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা এএমআর।
সোমবার দুপুরে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি), চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ (সিআইডিসি) ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের (সিআইএনসি) যৌথ উদ্যোগে আয়োজিত বৈজ্ঞনিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের উপদেষ্টা ও মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মো. টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউট অব এপ্লায়েড হেলথ সায়েন্সের এর মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. শাকিল আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. ফাতিহা তাসমিন জিনিয়া। প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আকরাম পারভেজ চৌধুরী, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম।
প্রধান অতিথি প্রধান অধ্যাপক ডা. মো. শাকিল আহমেদ বলেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের এই সংকট আমাদের দেশেও অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে স্থানীয় পর্যায়ে পরিচালিত গবেষণাগুলো পরিস্থিতির ভয়াবহতা বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৪ সালে চট্টগ্রামে ঈওগঈ পরিচালিত একটি গবেষণায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রচলিত অ্যান্টিবায়োটিকের উচ্চমাত্রার রেজিস্ট্যান্স পরিলক্ষিত হয়েছে। এই ফলাফলগুলো আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিকগুলোর কার্যকারিতা কমে যাওয়ার প্রবণতা ভবিষ্যতে সংক্রমণ নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তুলতে পারে।
অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন বলেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মোকাবিলায় চিকিৎসক, রোগী, হাসপাতাল কর্তৃপক্ষ, নীতিনির্ধারক এবং সাধারণ মানুষ-সবারই দায়িত্ব রয়েছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না। অন্যের ওষুধ ব্যবহার বা অবশিষ্ট অ্যান্টিবায়োটিক পুনরায় সেবন করা থেকে বিরত থাকতে হবে। চিকিৎসকের নির্ধারিত মাত্রা ও সময়কাল অনুসরণ করতে হবে। পার্শ্বপ্রতিক্রিয়া বা নতুন সমস্যা দেখা দিলে নিজে সিদ্ধান্ত না নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভাইরাসজনিত রোগে অ্যান্টিবায়োটিকের জন্য চিকিৎসককে চাপ দেওয়া থেকেও বিরত থাকতে হবে।
