ইসরায়েলে সরকার গঠনে তৃতীয় দফায় বৈঠকে নেতানিয়াহু ও আইজেনকোটের দল
অনলাইন ডেস্ক
ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের দল। পূর্বের আলোচনা ব্যর্থ হওয়ার পর সোমবার তৃতীয় দফায় জোট গঠনের বৈঠকে বসেছে দল দুটি। গত ২৭ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটিতে সরকার গঠন নিয়ে এই রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় আইজেনকোটের মধ্যপন্থী দল ইয়াশারের এমকে ওরিট ফারকাশ-হাকোহেন এবং নেতানিয়াহুর ডানপন্থী দল লিকুদের এমকে ডেভিড পিটারের নেতৃত্বে দুই দলের প্রতিনিধিরা আবারও আলোচনায় বসেন। বৈঠকের আগে আইজেনকোট জানান, তার দল ‘সদিচ্ছা নিয়েই’ আলোচনায় বসছে। এর আগে রোববার প্রায় চার ঘণ্টা ধরে দুই দলের প্রতিনিধিরা বিভিন্ন আইনি ও নীতিগত বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। তবে জোট সরকারের সবচেয়ে বড় জটিলতা অর্থাৎ প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির (রোটেশন) বিষয়টি এখনো অমীমাংসিতই রয়ে গেছে।
এদিকে সোমবারের বৈঠকের আগে নেতানিয়াহুকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আইজেনকোটের জোটসঙ্গী ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। বি’ইয়াচাদ দলের এই নেতা সতর্ক করে বলেন, আইজেনকোটের নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার গঠনের বদলে নেতানিয়াহু যদি ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করার চেষ্টা করেন, তবে তাকে এর চরম পরিণতি ভোগ করতে হবে।
অন্যদিকে, বৈঠকের কয়েক ঘণ্টা আগে ইরান ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থানে জড়ান নেতানিয়াহু ও আইজেনকোট। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এক ব্রিফিংয়ে আইজেনকোট বলেন, ইরান ইসরায়েলের জন্য বড় হুমকি হলেও সরকার গঠনের আগে এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে কোনো তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন তিনি দেখছেন না। জবাবে নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, চারপাশের ইরানি হুমকি এবং রাজনৈতিক কারণে যারা এই হুমকিকে ছোট করে দেখছেন, তারা ভুল করছেন। বিভেদ ভুলে দেশের নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্যের সরকারই এখন সেরা পথ বলে দাবি করেন তিনি।
নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকোটের হাতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে; যদিও প্রেসিডেন্ট চাইলে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়াতে পারবেন। তবে ১২০ আসনের নেসেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১ আসন নিশ্চিত করতে গিয়ে তার ৪৮ সদস্যের জোটের ভেতরেই তীব্র বিভক্তি দেখা দিয়েছে। অতি-রক্ষণশীল অর্থোডক্স দল, নাকি রেকর্ড ১৯টি আসন পাওয়া আরব-সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সমর্থন নেওয়া হবে নাকি লিকুদকে নিয়ে ঐক্য সরকার গঠন করা হবে, তা নিয়ে জোটের শরিক আভিগদর লিবারম্যান ও বামপন্থী ডেমোক্র্যাটস দলের প্রধান ইয়াইর গোলানের মধ্যে মতভেদ চলছে। সোমবার লিকুদের সঙ্গে এই ‘লোকদেখানো আলোচনা’ বন্ধেরও আহ্বান জানান গোলান।
প্রসঙ্গত, জাতীয় ঐক্যের সরকারে যোগ দিতে লিকুদ বেশ কিছু শর্ত দিয়েছে। এর মধ্যে নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে সব ব্যক্তিগত আক্রমণ ও রাজনৈতিক বর্জন বন্ধের দাবি অন্যতম। তা ছাড়া পালাক্রমে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির ব্যবস্থায় নেতানিয়াহু শুরুতেই প্রধানমন্ত্রী থাকতে চান, যা তাকে চলমান দুর্নীতির মামলা মোকাবিলায় রাজনৈতিক প্রভাব ধরে রাখতে এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে নিরাপত্তাব্যর্থতা নিয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠনের বিরোধিতা চালিয়ে যেতে সাহায্য করবে। তবে আইজেনকোট আগেই জানিয়েছেন, তিনি নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো মন্ত্রিসভায় থাকবেন না এবং বৃহত্তর জোট ব্যর্থ হলে পার্লামেন্টে সংখ্যালঘু জাতীয় জরুরি সরকার গঠনের প্রস্তাব তুলতে প্রস্তুত।
