ইউটার্নে মৃত্যুর মিছিল

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সিগঞ্জ

রাজধানী ঢাকার সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের যোগাযোগের অন্যতম প্রধান পথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। অথচ এই মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে অপরিকল্পিত পাঁচটি ইউটার্ন এখন চালক, যাত্রী ও পথচারীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। মহাসড়কের সরু সড়ক বিভাজক কেটে তৈরি এসব ইউটার্নে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। চলতি বছরের এখন পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক অংশে প্রায় ৫০টি দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মহাসড়কের মেঘনা সেতুর পূর্ব প্রান্তের তেতৈতলা হাঁস পয়েন্ট, আনারপুরা, ভবেরচর ঈদগাহসংলগ্ন এলাকা, বাউশিয়ার মানাবে ওয়াটার পার্ক এবং বাউশিয়া পাখির মোড় এলাকায় রয়েছে এসব ঝুঁকিপূর্ণ ইউটার্ন।

সরেজমিন দেখা যায়, মহাসড়কের মধ্যবর্তী সরু বিভাজক কেটে এসব ইউটার্ন তৈরি করা হয়েছে। মেঘনা সেতুর পূর্ব প্রান্ত ও মেঘনা-গোমতী সেতুর পশ্চিম প্রান্তে কংক্রিটের রোড ব্যারিয়ার দিয়ে সড়ক বিভাজক করা থাকলেও ইউটার্নগুলোতে যানবাহন ঘোরানোর পর্যাপ্ত জায়গা নেই। ফলে একটি গাড়ি ইউটার্ন নিতে গেলে পেছন থেকে দ্রুতগতিতে আসা যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এ ছাড়া এসব ইউটার্ন দিয়ে অবাধে চলাচল করছে থ্রি-হুইলার, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা। আশপাশের শিল্পপ্রতিষ্ঠানের ট্রাক-লরিও ঝুঁকি নিয়ে মহাসড়কে প্রবেশ ও পারাপার হচ্ছে। সাধারণ পথচারীদেরও জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পার হতে দেখা যায়। মহাসড়কের বিভিন্ন স্থানে সারিবদ্ধভাবে ট্রাক পার্কিং করে রাখায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৮ মে আনারপুরা ইউটার্নের সামনে সজিব নামে এক যুবক নিহত হন। ১৮ মে তেতৈতলা হাঁস পয়েন্টে একজন, ২৫ মে মানাবে ওয়াটার পার্কের সামনে লরির হেলপার অন্তর দাস এবং ৩০ মে একই এলাকায় এক অজ্ঞাতপরিচয় পথচারী নারী প্রাণ হারান। ৯ জুন বালুয়াকান্দীতে দুই পথচারী নারী এবং ১৫ জুন মানাবে ওয়াটার পার্কের ইউটার্নে হাবিবুল্লাহ নামে একজন নিহত হন। এ ছাড়া ১৭ আগস্ট আনারপুরা ইউটার্নে ব্যাটারিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় দুজন নিহত হন। ১৮ আগস্ট ভবেরচর ইউটার্নে মোটরসাইকেল দুর্ঘটনায় আবুল কালাম নামে এক চালক এবং ২২ আগস্ট তেতৈতলা হাঁস পয়েন্টে তোতা মিয়া নামে এক পথচারী নিহত হন। সর্বশেষ ১৯ সেপ্টেম্বর তেতৈতলা হাঁস পয়েন্ট ইউটার্নে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে চারজন নিহত হন। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত সড়ক বিভাজক, ইউটার্নে পর্যাপ্ত জায়গার অভাব, যানবাহনের বেপরোয়া গতি, অবৈধ পার্কিং এবং মহাসড়কে নিষিদ্ধ যানবাহনের অবাধ চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ।

ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মহাসড়কের নিরাপত্তায় হাইওয়ে পুলিশ দিনরাত কাজ করছে। তবে ইউটার্নগুলোতে যেভাবে দুর্ঘটনা ঘটছে, তাতে এসব স্থানের সংস্কার প্রয়োজন।

নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আলরাজী লিয়ন বলেন, গজারিয়া অংশের ইউটার্নগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বাউশিয়ার মানাবে ওয়াটার পার্কের সামনের ইউটার্ন প্রশস্ত করার জন্য মাটি ভরাটের কাজ চলছে। কাজ শেষ হলে এক থেকে দুটি ইউটার্ন বন্ধ করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights