‘ফাইলবন্দি’ সুপেয় পানির প্রকল্প
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
সিলেট মহানগরীতে বাড়ছে জনসংখ্যা, বিস্তার ঘটেছে নগরায়ণের। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নগরীর পরিধি। সেই সঙ্গে বাড়ছে সুপেয় পানির চাহিদা। কিন্তু চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে না পানি সরবরাহের সক্ষমতা। চাহিদার দুই-তৃতীয়াংশ সুপেয় পানি সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন (সিসিক)। নগরবাসীর পানির সংকট নিরসনে এক দশক আগে নেওয়া চেঙ্গের খাল পানি শোধনাগার প্রকল্পটি এখনো ফাইলবন্দি। কবে নাগাদ এ প্রকল্প বাস্তবায়ন হবে সেটাও নির্দিষ্ট করতে বলতে পারছেন না সংশ্লিষ্টরা। এ ছাড়া পানি উৎপাদনের একমাত্র শোধনাগারটিও নানা সংকটের কারণে পূর্ণ সক্ষমতায় পরিচালিত হচ্ছে না।
সিসিকের পানি বিভাগ জানায়, সিলেট সিটি করপোরেশনের পুরোনো ২৭ ওয়ার্ডে সুপেয় পানির চাহিদা ৬ কোটি লিটার। আর বর্ধিত ১৫ ওয়ার্ডসহ পুরো মহানগরীর পানির চাহিদা প্রায় ১২ কোটি লিটার। এর মধ্যে একটি শোধনাগার ও ৪৪টি উৎপাদক নলকূপ দিয়ে প্রতিদিন উৎপাদন হচ্ছে প্রায় সাড়ে ৪ কোটি লিটার। অর্থাৎ চাহিদার মাত্র এক তৃতীয়াংশ পানি সরবরাহ করতে পারছে সিসিক। সিসিক সূত্র জানায়, কুশিঘাটে সুরমা নদীর তীরবর্তী পানি শোধনাগারটিও পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হচ্ছে না। প্রতিদিন ২ কোটি ৮০ লিটার পানি পরিশোধনের সক্ষমতা থাকলেও ওই শোধনাগার থেকে পাওয়া যাচ্ছে মাত্র ৭৫ লাখ লিটার। যন্ত্রপাতি পুরোনো হয়ে যাওয়া, বিদ্যুৎ সমস্যা ও সুরমার নাব্য কমে যাওয়ায় পরিশোধনাগারটি থেকে কাক্সিক্ষত পরিমাণ পানি মিলছে না। এ ছাড়া বিদ্যুৎ সংকট ও কারিগরি ত্রুটির কারণে ৪৪টি উৎপাদক নলকূপও পুরোপুরি চালু রাখা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। সংকটের কারণে পুরোনো ২৭টি ওয়ার্ডের তিনটিতে এখনো পানি সরবরাহ করতে পারেনি সিসিক। আর বর্ধিত ১৫ ওয়ার্ডে পানি সরবরাহের জন্য চেয়ে আছে চেঙ্গের খাল পানি শোধনাগার প্রকল্পের দিকে। শীতকালে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সংকট আরও ঘনীভূত হয়। ফলে প্রতি বছরই পানি না পেয়ে বিভিন্ন এলাকার লোকজনকে বিক্ষোভ করতে দেখা যায়।
জানা গেছে, মহানগরীর পানির চাহিদা মেটাতে ২০১৬ সালে সিসিকের পক্ষ থেকে ‘চেঙ্গের খাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ নামে একটি পানি শোধনাগার প্রকল্পের উদ্যোগ নেয় সিসিক। ডিপিপি তৈরি করে ২০১৯ সালে প্রকল্প প্রস্তাবনাটি যায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাইট ভিজিট করে প্রকল্পের পক্ষে মতামতও দেওয়া হয়। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট শহরতলির বাদাঘাট এলাকার চেঙ্গের খাল নদী থেকে প্রতিদিন ৫ কোটি লিটার বিশুদ্ধ পানি নগরীতে সরবরাহ করা সম্ভব হতো। এতে পুরো নগরীর ৮০-৯০ ভাগ পানির চাহিদা পূরণ হতো। এর মধ্যে সিলেটে গঠন হয় ওয়াসা। মন্ত্রণালয় থেকে জানানো হয় প্রকল্পটি ওয়াসা বাস্তবায়ন করবে। কিন্তু ওয়াসার চেয়ারম্যান নিয়োগ ও পরিচালনা বোর্ড গঠন হলেও সিলেটে এখনো এর কোনো কার্যক্রম শুরু হয়নি। ফলে সিলেট মহাগরীর পানিসংকট নিরসনের উদ্যোগটি লাল ফিতায় বন্দি হয়ে আছে। ওয়াসা সিলেটের চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী জানান, ওয়াসার বোর্ড গঠন হলেও এখনো ব্যবস্থাপনা পরিচালকসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগ হয়নি। তবে শিগগিরই ওয়াসার কার্যক্রম শুরু হবে। মহানগরীর সুপেয় পানি ও সুয়ারেজ ব্যবস্থার উন্নয়নে ওয়াসা সব ধরনের উদ্যোগ নেবে।
সিসিকের পানি শাখার নির্বাহী প্রকৌশলী এনামুল হক জানান, সিসিকের পুরোনো ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৪টিতে দৈনিক ৬ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে সরবরাহ করা যাচ্ছে প্রায় সাড়ে ৪ কোটি লিটার। আর বর্ধিত ওয়ার্ডগুলোতে এখনো পানি সরবরাহের কোনো উদ্যোগই নেওয়া যায়নি। চেঙ্গের খাল পানি শোধনাগার প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরবাসীর চাহিদা পূরণ সম্ভব হবে। কিন্তু প্রকল্পটি এখন মন্ত্রণালয়ে আটকে আছে।
