নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি লিঃ সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রি!

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি লিমিটেড ও একটি ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। শুধু জমি দখল কিংবা অনুমোদিত নকশা পরিবর্তনই নয়, পৌরসভার অনুমোদনের বাইরে ১০ তলা ভবন নির্মাণের কাজ চলার পাশাপাশি ভবন নির্মাণ শেষ হওয়ার আগেই এর অধিকাংশ রুম চড়া দামে বিক্রি করে দেওয়ার অভিযোগও উঠেছে।
অভিযোগ অনুযায়ী, সমিতির নামে বন্দোবস্ত দেওয়া খাসজমির সীমানা অতিক্রম করে গণপূর্ত বিভাগের সরকারি জমির একটি অংশ দখলে নিয়ে ভবন নির্মাণ করা হচ্ছে। অথচ ভবনটির জন্য নোয়াখালী পৌরসভার অনুমোদন রয়েছে সাত তলা পর্যন্ত। এরই মধ্যে ১০ তলা ভবনের উপযোগী করে মাটির নিচে দুই তলা বেজমেন্ট নির্মাণের কাজ চলছে। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও চান্দিনা ভিটি মালিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, শহরের ফ্ল্যাট রোডের পূর্ব পাশে নির্মাণাধীন ভবনটিতে এইচ.কে রিয়েল এস্টেটের সাইনবোর্ড টানানো রয়েছে। সেখানে ১০ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবন নির্মাণের কাজ চলছে। অভিযোগ রয়েছে, অনুমোদিত নকশায় ৭৫ ফুট উচ্চতার সাত তলা ভবনের জন্য মাটির নিচে একটি বেজমেন্ট থাকার কথা থাকলেও নির্মাণকাজে করা হচ্ছে দুই তলা বেজমেন্ট। এতে অনুমোদিত নকশার পরিবর্তন এবং ভবনের উচ্চতা ও কাঠামোগত বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

নোয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহম্মেদ খান জানান, নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি লিমিটেডকে ৭৫ ফুট উচ্চতার সাত তলা ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু সমিতির কর্তৃপক্ষ অনুমোদিত নকশা পরিবর্তন করে ১০ তলা ভবন নির্মাণের কাজ শুরু করেছে। এ কারণে পৌরসভা থেকে একাধিকবার নোটিশ দিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, নির্দেশ অমান্য করে নির্মাণকাজ চালিয়ে গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে প্রশ্ন উঠেছে, পৌরসভার নোটিশের পরও কীভাবে প্রকাশ্যে নির্মাণকাজ চলছে? অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসার পরও কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন।

এই ভবন নির্মাণকে ঘিরে সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে সরকারি জমিতে নির্মাণাধীন ভবনের রুম বিক্রি নিয়ে। মার্কেটের একাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর দাবি, নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি লিমিটেডের নেতারা এইচ.কে রিয়েল এস্টেটের সঙ্গে চুক্তি করে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেন। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়া তো দূরের কথা, ভবনের বৈধতা ও নকশা অনুমোদন নিয়েই যখন প্রশ্ন রয়েছে, তখনই ভবনের অধিকাংশ রুম বাইরের ব্যক্তিদের কাছে চড়া দামে বিক্রি করা হচ্ছে।

তাদের অভিযোগ, এইচ.কে রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাসান খান ও সমিতির কয়েকজন নেতা মিলে এসব রুম বিক্রির কার্যক্রম চালাচ্ছেন। অথচ সমিতির সঙ্গে চুক্তিবদ্ধ ডেভেলপার প্রতিষ্ঠানের কোনো সদস্যপদ নেই। সরকারি জমিতে সমিতির নামে বন্দোবস্তকৃত জায়গায় নির্মিতব্য রুম বাইরের ব্যক্তিদের কাছে বিক্রি করা হলে সমিতির নিবন্ধন ও বন্দোবস্তের শর্ত নিয়েও জটিলতা তৈরি হতে পারে।

ব্যবসায়ীদের দাবি, জমিটি সরকারি খাসজমি। ২০৪০ সালের আগে সমিতির নামে বন্দোবস্তকৃত এই জমি বিক্রি বা হস্তান্তরের সুযোগ নেই। ফলে বন্দোবস্তের শর্ত, ডেভেলপমেন্ট চুক্তি এবং রুম বিক্রির বৈধতা খতিয়ে দেখা জরুরি।

স্থানীয় সূত্র ও সমিতির ইতিহাস অনুযায়ী, ১৯৭৭ সালে মাত্র ২৪ জন হকার একত্রিত হয়ে শহরের ফ্ল্যাট রোডের পূর্ব পাশের জলাশয় ভরাট করে হকার্স মার্কেটের প্রাথমিক যাত্রা শুরু করেন। পরবর্তী সময়ে কাগজে-কলমে ৯০ জন হকার সদস্য দেখিয়ে ১৯৮০ সালে জেলা প্রশাসনের কাছ থেকে অনুমোদন নিয়ে মার্কেটের কার্যক্রম শুরু হয়। ১৯৮৫ সালের ১৫ মার্চ সমবায় অধিদপ্তর থেকে ‘নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি লিমিটেড’ নামে প্রতিষ্ঠানটি নিবন্ধন পায়। পরে ১৯৯০ সালে জেলা প্রশাসন সমিতির নামে জেলা প্রশাসনের খাস খতিয়ানভুক্ত এক একর জমি বন্দোবস্ত দেয়।

অভিযোগ রয়েছে, বর্তমানে সমিতির ২৪০টি রুমের বিপরীতে সদস্য সংখ্যা ২৩৪ জন হলেও প্রকৃত হকারদের হাতে দোকানের নিয়ন্ত্রণ নেই বললেই চলে। পুরোনো কয়েকজন হকার ছাড়া অধিকাংশ দোকান দখল বা পজিশন কেনাবেচার মাধ্যমে বিত্তবান ও প্রভাবশালীদের নিয়ন্ত্রণে চলে গেছে।

স্থানীয় ক্ষুদ্র হকার ও ব্যবসায়ীদের অভিযোগ, যাদের জন্য এই মার্কেট প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই প্রকৃত হকাররা এখনো রোদ-বৃষ্টি উপেক্ষা করে শহরের অলিগলিতে ফুটপাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন। অন্যদিকে হকারদের নামে বরাদ্দ সরকারি জমির মার্কেট নিয়ন্ত্রণ করছেন প্রভাবশালীরা।

তাদের ভাষ্য, হকারদের স্বার্থ রক্ষার পরিবর্তে একটি প্রভাবশালী চক্র সমিতির কার্যক্রম ও সরকারি জমিকে বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করছে। প্রকৃত হকারদের অনেকেই নানা চাপ ও ভয়ভীতির কারণে প্রতিবাদ করতে পারছেন না।

নির্মাণাধীন ভবনটির সীমানা নিয়েও গুরুতর অভিযোগ তুলেছেন জেলা শহর মাইজদীর চান্দিনা ভিটি মালিক সমিতির নেতারা।

সমিতির সাধারণ সম্পাদক মো. মফিজ উল্যাহ ও কোষাধ্যক্ষ সাইদ উল হাসান অভিযোগ করে বলেন, নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি লিমিটেডের নামে বন্দোবস্ত দেওয়া জমির দলিলের চৌহদ্দি অনুযায়ী ভবনটি পশ্চিমে ফ্ল্যাট রোড এবং উত্তরে মোহাম্মদিয়া-সংলগ্ন আবাসিক সড়ক ঘেঁষে নির্মাণের কথা। কিন্তু এইচ.কে রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাসান খান ও সমিতির নেতারা দলিলের সীমানা অতিক্রম করে ফ্ল্যাট রোড থেকে প্রায় ৩০ ফুট জায়গা ছেড়ে পূর্ব দিকে চান্দিনা ভিটি মালিকদের দখলে থাকা গণপূর্ত বিভাগের সরকারি জমির প্রায় ৫০ শতাংশ দখল করে ভবন নির্মাণ করছেন।

তাদের দাবি, সরকারি জমির সীমানা নির্ধারণ করে জরিপ করা হলে প্রকৃত চিত্র বেরিয়ে আসবে। এ বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বলেও দাবি করেন তারা।

চান্দিনা ভিটি মালিকদের আরও অভিযোগ, পৌরসভা ও জেলা প্রশাসনের পাশাপাশি গণপূর্ত বিভাগেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পৌরসভা থেকে নির্মাণকাজ বন্ধ রাখার নোটিশ দেওয়া হলেও তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো প্রতিকার পাননি তারা।

ভবন নির্মাণের জন্য মাটির নিচে দুই তলা বেজমেন্ট তৈরি করতে গভীরভাবে মাটি খননের কারণে আশপাশের স্থাপনাগুলোও ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

চান্দিনা ভিটি মালিকদের দাবি, খননকাজের কারণে পাশের কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে। কিছু ভবন হেলে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এতে ব্যবসায়ী ও ভবন ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তাদের আশঙ্কা, যথাযথ প্রকৌশলগত নিরাপত্তা, অনুমোদিত নকশা ও নির্মাণবিধি অনুসরণ না করে কাজ চলতে থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাদের ভাষায়, ভবনটির নির্মাণকাজ ও নিরাপত্তা যথাযথভাবে যাচাই না করা হলে এটি ভবিষ্যতে রানা প্লাজার মতো আরেকটি বড় বিপর্যয়ের কারণ হতে পারে।

শহরের গুরুত্বপূর্ণ এলাকায় জেলা প্রশাসন, পৌরসভা ও গণপূর্ত বিভাগের কার্যালয়ের কাছাকাছি এমন একটি বহুতল ভবন নির্মাণের ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের অভিযোগ, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের যোগসাজশে সরকারি জমির সীমানা অতিক্রম, অনুমোদিত নকশার বাইরে নির্মাণ এবং রুম বিক্রির মতো গুরুতর বিষয় সামনে আসার পরও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাদের দাবি, সরকারি জমির সঠিক সীমানা নির্ধারণ, নির্মাণকাজের বৈধতা যাচাই এবং রুম বিক্রির সঙ্গে জড়িতদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন।

অভিযোগের বিষয়ে নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক শরীফ উল্লাহ সুমন বলেন, তারা নিজেদের বন্দোবস্তকৃত জমিতে মার্কেটের ভবন নির্মাণ করছেন। একটি পক্ষ তাদের মার্কেটের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

ভবনের অনুমোদনের বিষয়ে তিনি জানান, তারা সাত তলা ভবন নির্মাণের অনুমোদন পেয়েছেন। ১০ তলা পর্যন্ত ভবন নির্মাণের জন্য পৌরসভায় নকশা অনুমোদনের আবেদন জমা দিয়েছেন। তবে ১০ তলা ভবনের নকশা অনুমোদনের আগেই কেন ওই উচ্চতার ভবনের নির্মাণকাজ চালানো হচ্ছে, সে বিষয়ে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

বহুতল ভবন নির্মাণের চুক্তি এবং রুম বিক্রির বিষয়ে জানতে এইচ.কে রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাসান খানের মুঠোফোনে কল করলে তিনি এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে বক্তব্য জানতে গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গেলে বদলিজনিত কারণে তাকে পাওয়া যায়নি। পরে উপবিভাগীয় প্রকৌশলী-১-এর সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন- নতুন নির্বাহী প্রকৌশলী যোগদানের পর বিষয়টি খোঁজখবর নিয়ে মন্তব্য জানানো হবে।

নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে সরকারি জমি দখল এবং অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণ ও সরকারি জমিতে নির্মাণাধীন ভবনের রুম বিক্রির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনিও ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। তবে তিনি জানান, ১০ তলা ভবনের অনুমোদন তিনি দেবেন না। জমি দখলের বিষয়টি গণপূর্ত বিভাগ এবং ভবনের বৈধতার বিষয়টি নোয়াখালী পৌরসভা দেখবে।

নোয়াখালী শহরের প্রাণকেন্দ্রে সরকারি জমি ঘিরে এমন অভিযোগ শুধু একটি মার্কেট কিংবা একটি ভবনের বিষয় নয়, এটি সরকারি সম্পত্তির সুরক্ষা, নগর পরিকল্পনা, ভবন নির্মাণের নিরাপত্তা এবং প্রকৃত হকারদের অধিকার রক্ষার প্রশ্নও সামনে এনেছে।

এ অবস্থায় সমিতির নামে বন্দোবস্ত দেওয়া জমির মূল দলিল ও চৌহদ্দি, গণপূর্ত বিভাগের জমির প্রকৃত সীমানা, ডেভেলপার প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তি, পৌরসভার অনুমোদিত নকশা এবং নির্মাণাধীন ভবনের রুম বিক্রির চুক্তিপত্র ও অর্থ লেনদেনের তথ্য যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

একই সঙ্গে নির্মাণাধীন ভবনের কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা, আদালতের কোনো নিষেধাজ্ঞা থাকলে তা বাস্তবায়ন এবং সরকারি জমি দখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights