অসহায় মানুষের পাশে বসুন্ধরা শুভসংঘের জবি হল শাখা, বিতরণ ২০০ শীতবস্ত্র

মো: মাহমুদুল হাসান জবি প্রতিনিধি:

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। শীতার্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে রাজধানীর সদরঘাট ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় শীতবস্ত্র ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।

গতকাল (২৭ নভেম্বর) হল শাখার উদ্যোগে এ মানবিক কর্মসূচি পরিচালিত হয়। এতে হলের আবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা প্রায় ২০০টি শীতবস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী এলাকার প্রায় ৭০ জন অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করা হয়।

শীত মৌসুমে সমাজের নিম্নআয়ের মানুষ, বিশেষ করে ছিন্নমূল ও অসহায় ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হন। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেককেই খোলা আকাশের নিচে কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে রাত কাটাতে হয়। এসব মানুষের শীতের কষ্ট কিছুটা কমিয়ে আনতে এবং তাদের পাশে মানবিক সহায়তা পৌঁছে দিতে এ উদ্যোগ গ্রহণ করে বসুন্ধরা শুভসংঘের হল শাখা।

এ কর্মসূচিতে হলের আবাসিক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা শীতবস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী সুবিধাবঞ্চিত মানুষের হাতে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে।

আয়োজকদের এ উদ্যোগকে স্থানীয় অসহায় মানুষের জন্য সহমর্মিতা ও সহযোগিতার একটি প্রশংসনীয় প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় সংগৃহীত এসব সামগ্রী শীতার্ত মানুষের দৈনন্দিন জীবনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বলে আশা করা হচ্ছে।

মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও মানুষের প্রতি সহমর্মিতার চর্চাকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights