১৩৯ শহীদের স্বীকৃতির অপেক্ষায় ৫৫ বছর
নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯৭১ সালের ২৯ নভেম্বর। আজকের এই দিনে নারায়ণগঞ্জের ফতুল্লার প্রত্যন্ত অঞ্চল বক্তাবলী পরগনার ২২টি গ্রামে কাকডাকা ভোর শুরু হয় পাকিস্তানিদের গুলির শব্দে। নদীবেষ্টিত চরাঞ্চল বক্তাবলীর মানুষ ঘুমন্ত থাকা অবস্থায় গানবোট নিয়ে কয়েক প্লাটুন পাকসেনা হামলে পড়ে এ অঞ্চলে। ওইদিন ২২টি গ্রাম থেকে নিরীহ ১৩৯ জনকে ধরে এনে নদীর পারে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করে হত্যার পর পার্শ্ববর্তী লক্ষ্মীনগর গ্রামে স্তূপ করে রাখা হয়। কারও কারও লাশ ভাসিয়ে দেওয়া হয় নদীতে। সেই সঙ্গে ২২টি গ্রামের বাড়িঘর গানপাউডার দিয়ে পুড়িয়ে দেয় পাকবাহিনী। তবে স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও আজও তাদের স্বীকৃতি মেলেনি। প্রতি বছর দিনটি এলে সংশ্লিষ্টরা নানা আয়োজনের মধ্য দিয়ে আশার বাণী শুনিয়ে আসেন। কিন্তু সেই বাণী আর বাস্তবে রূপ নেয় না।
স্বজনসহ স্থানীয় বাসিন্দাদের একটাই চাওয়া; যেন ১৩৯ জনকে শহীদের স্বীকৃতি দেওয়া হয়। তারা ভবিষ্যৎ প্রজন্মের মাঝে স্বজনদের এই আত্মত্যাগের কথা জানিয়ে যেতে চান। কারণ স্বাধীনতাযুদ্ধের সময়ে নারায়ণগঞ্জে একসঙ্গে এত মানুষ হত্যার ঘটনা দ্বিতীয়টি আর নেই।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বক্তাবলীর মানুষ শত শত মুক্তিযোদ্ধার থাকাখাওয়ার ব্যবস্থা করেছিল। সেই সঙ্গে হানাদার বাহিনীর হাত থেকে বাঁচতে ঢাকা ও নারায়ণগঞ্জ শহর থেকে পালিয়ে আসা শত শত পরিবারের আশ্রয়স্থল ছিল বক্তাবলী পরগনা। কিন্তু আত্মসমর্পণের মাত্র ১৭ দিন আগে নারকীয় এ হত্যাযজ্ঞ চালায় পাকবাহিনী।
অপ্রস্তুত অবস্থায় মুক্তিযোদ্ধারাও পাল্টা জবাব দেন। উভয় পক্ষের মধ্যে সম্মুখযুদ্ধ চলাকালীন মুন্সিগঞ্জ থেকে মুক্তিযোদ্ধাদের একটি ব্যাটালিয়ন বক্তাবলীতে এলে তাদের শক্তি বৃদ্ধি পায়। এ সময় মুক্তিযোদ্ধারা মোক্তারকান্দি কবরস্থানের সামনে কয়েকজন রাজাকারকে ধরে এনে আগুনে পুড়িয়ে মারেন।
স্থানীয় বাসিন্দা হাফেজ আবদুল মান্নান মুন্সি বলেন, দিনটি ছিল বিভীষিকাময়। আমাদের কোনো ঘরবাড়ি ছিল না; সব জ¦ালিয়ে দিয়েছিল। আমার বংশের প্রায় ১৪-১৫ জন মারা গিয়েছিল। আমরা এই স্মৃতিকে আজীবন ধরে রাখতে চাই।
সেদিনের ঘটনায় নিহত সিরাজুল ইসলামের ভাগনে মাইনুদ্দিন বলেন, আমার বয়স হয়ে গেছে। এই বয়সে শুধু একটাই চাওয়া-যেন আমাদের নিহত আত্মীয়স্বজনদের স্বীকৃতি দেওয়া হয়।
নারায়ণগঞ্জ সদর ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা হাজী নূর উদ্দিন বলেন, তাদের মতো হাজার হাজার মানুষের আত্মত্যাগের বিনিময়েই আমাদের এই দেশ। তাদের শহীদের মর্যাদা দেওয়া হোক। সেই সঙ্গে বধ্যভূমিকে আধুনিকায়ন করে সংরক্ষণ করা হোক। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, এটি আমাদের শ্রদ্ধার জায়গা। প্রতি বছরই এ দিনটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। বধ্যভূমিটির সংস্কার ও সংরক্ষণের বিষয়টি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় করে। আমরা এই স্মৃতি ধরে রাখার চেষ্টা করব।
