উল্টো পথে বহে স্রোত সাঙ্গু নদের

মুহাম্মদ সেলিম, থানচি (বান্দরবান) থেকে ফিরে

বাংলাদেশের ভূপ্রকৃতির স্বাভাবিক ঢাল উত্তর থেকে দক্ষিণে। ফলে পদ্মা, মেঘনা, যমুনাসহ দেশের প্রায় সব প্রধান নদীই উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। তবে এই চিরচেনা নিয়মের ব্যতিক্রম ঘটিয়েছে পার্বত্য অঞ্চলের খরস্রোতা নদ সাঙ্গু। দেশের দক্ষিণ প্রান্ত থেকে উৎপন্ন হয়ে দীর্ঘ পথ উত্তর দিকে প্রবাহিত হওয়ায় এটি ‘উল্টো প্রবাহের নদ’ হিসেবে পরিচিত। ভৌগোলিক বৈচিত্র্য ও প্রকৃতির এই ব্যতিক্রমী খেয়াল সাঙ্গু নদকে কেবল বাংলাদেশের নয়, বরং দক্ষিণ এশিয়ার অন্যতম অনন্য প্রাকৃতিক সম্পদে পরিণত করেছে। এ প্রসঙ্গে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ও নদী গবেষক অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া বলেন, ‘সাঙ্গু হচ্ছে বিশে^র অন্যতম খরস্রোতা উল্টো প্রবাহের নদ। ভৌগোলিক কারণেই এটি উল্টো প্রবাহের নদে পরিণত হয়েছে। এ নদের পানির প্রধান উৎস শত শত পাহাড়ি ঝিরি। যার কারণে নদে মহাশোলসহ বিরল কিছু মাছের প্রজাতি দেখা যায়। ছোটবড় পাথর এ নদকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে।’

বিশে^র অন্যতম খরস্রোতা নদ সাঙ্গুর উৎপত্তি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী উত্তর আরাকান পাহাড়ের (মদক রেঞ্জ) পাদদেশে। বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নদটি সর্পিল গতিতে উত্তর দিকে এগিয়েছে। থানচি, রুমা, রোয়াংছড়ি এবং বান্দরবান সদর পেরিয়ে এটি প্রবেশ করেছে চট্টগ্রামের সমতলে। এরপর সাতকানিয়া, চন্দনাইশ উপজেলার বুক চিরে পশ্চিম দিকে বাঁক নিয়ে কর্ণফুলী মোহনার প্রায় ১৬ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। প্রায় ২৯৪ কিলোমিটার দীর্ঘ এই নদের ১৭০ কিলোমিটারই বাংলাদেশের অভ্যন্তরে প্রবাহিত। বৈজ্ঞানিকভাবে কোনো নদীই নিচু থেকে উঁচুতে প্রবাহিত হয় না। সাঙ্গুর এই ব্যতিক্রমী গতিপথের পেছনে রয়েছে পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান। দেশের সামগ্রিক ঢাল উত্তর থেকে দক্ষিণে হলেও বান্দরবানের দক্ষিণাংশ উত্তরাংশের তুলনায় অনেক বেশি উঁচু। পানির স্বাভাবিক ধর্ম অনুযায়ী উঁচু দক্ষিণ প্রান্ত থেকে নিচু উত্তর দিকে প্রবাহিত হয় সাঙ্গু। পার্বত্য চট্টগ্রামের পাহাড়গুলো উত্তর-দক্ষিণে সমান্তরালভাবে বিস্তৃত। সাঙ্গু নদ এই পাহাড়সারির মাঝখানের গভীর উপত্যকা ধরে নিজের পথ তৈরি করে নিয়েছে। এ ছাড়া উৎপত্তিস্থল থেকে সরাসরি পশ্চিমে বঙ্গোপসাগরে যাওয়ার পথে উঁচু পাহাড়সারি বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে নদীটি পশ্চিমে যেতে না পেরে উত্তর দিকে এগোতে বাধ্য হয়েছে। পাহাড়ি খরস্রোতা ও উপকূলীয় জোয়ার-ভাটা দুই ধরনের প্রাকৃতিক বৈচিত্র্যই এই একটি নদীতে স্পষ্টভাবে দেখা যায়।

বাংলাদেশের সাঙ্গু ছাড়াও বিশ্বের বেশ কয়েকটি দেশে প্রাকৃতিক, ভৌগোলিক ও মানবসৃষ্ট কারণে উল্টো প্রবাহের নদ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত কম্বোডিয়ার টোনলে স্যাপ নদী। বর্ষাকালে মেকং নদীর পানির চাপে এটি বছরে একবার সম্পূর্ণ উল্টো দিকে প্রবাহিত হয়। কানাডার সেন্ট জন নদ প্রবল জোয়ারের চাপে দিনে দুবার উজানের দিকে প্রবাহিত হয়। যুক্তরাষ্ট্রের শিকাগো নদী বিশ্বের একমাত্র বড় নদী। যার প্রবাহ ১৯০০ সালে প্রকৌশলীরা স্থায়ীভাবে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছিলেন। এ ছাড়া ভারতের নর্মদা, তাপ্তি ও মাহি নদী দেশটির স্বাভাবিক ঢালের বিপরীতে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে। আর বিশ্বের অন্যতম দীর্ঘ নদী আফ্রিকার নীল নদ, কানাডার ম্যাকেঞ্জি এবং রাশিয়ার লেনা ও ওব নদীও দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights