চাইলে বোমা ফেলতে পারেন, বিনিময়ে কেবল ভালোবাসাই পাবেন: দিলজিৎ
শোবিজ ডেস্ক
‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’-এর অংশ হিসেবে ভারতের মুম্বাইয়ে এক অবিস্মরণীয় সংগীতানুষ্ঠানের আয়োজন করলেন জনপ্রিয় পাঞ্জাবি সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ। কনসার্ট ঘিরে নানাবিধ নিরাপত্তাশঙ্কা ও বোমা হামলার হুমকি থাকলেও কোনো কিছুই দমাতে পারেনি এই তারকাকে। মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে আয়োজিত এই বিশাল কনসার্টে গান গাওয়ার পাশাপাশি মঞ্চ থেকেই নিজের নিরাপত্তা উদ্বেগ নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
এ সময় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য মুম্বাই পুলিশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অকুণ্ঠ সমর্থনের জন্য ভক্তদেরও ভূয়সী প্রশংসা করেন দিলজিৎ।
মঞ্চ থেকে দিলজিৎ স্পষ্ট জানিয়ে দেন যে, কোনো ধরনের ভয়ভীতি তার গানের বার্তা বদলাতে পারবে না কিংবা সংগীত পরিবেশন থেকে তাকে বিরত রাখতে পারবে না। তার মতে, দর্শকদের মনে আতঙ্ক সৃষ্টি করে কনসার্ট থেকে দূরে সরিয়ে রাখতেই এই হুমকি দেওয়া হয়েছে।
ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিও ক্লিপে কনসার্টের মঞ্চ থেকে হুমকিদাতাদের উদ্দেশে দিলজিৎ দোসাঞ্জকে বলতে শোনা যায়, তারা নাকি দিলজিতের শো বোমা মেরে উড়িয়ে দিতে চায়, বাহ! তাদের একমাত্র লক্ষ্য হলো মানুষ যেন দিলজিতের শোতে না আসে, তারা যেন ভয় পায়, হুমকির মুখে পড়ে এবং যেকোনো উপায়ে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। আমি আপনাদের প্রতি আমার ভালোবাসা পাঠাচ্ছি। আপনারা চাইলে বোমা ফেলতে পারেন, কিন্তু আমার পক্ষ থেকে আপনারা কেবল ভালোবাসাই পাবেন।
নিজের শিকড় ও দর্শকদের ভোগান্তির কথা উল্লেখ করে এই গায়ক আরও বলেন, আমি এমন গান গাই যা গ্রামের কথা বলে, আমি নিজেও একটি গ্রাম থেকে উঠে এসেছি। আপনারা যদি আমার কোনো গান না-ও বোঝেন, তবু আমার গানে আমার গ্রামের মাটির গন্ধ ঠিকই পাবেন। আমি জানি অনেকেই বাইরে আটকে আছেন, পুলিশও একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তবে ভেতরে প্রবেশের আগে তারা প্রত্যেকের নিরাপত্তা তল্লাশি নিশ্চিত করছে। এর জন্য মুম্বাই পুলিশকে অনেক অনেক ধন্যবাদ।
উল্লেখ্য, মুম্বাইয়ে দিলজিৎ দোসাঞ্জের এই কনসার্টের ঠিক এক দিন আগেই একটি হুমকিমূলক ই-মেইল পাওয়ার পর পুরো রাজ্যজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। মেয়র ঋতু তাওড়ে এবং মিউনিসিপ্যাল কমিশনার অশ্বিনী ভিদের কাছে পাঠানো ওই ই-মেইলে মেয়রের কার্যালয়, বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের ‘জলসা’ বাংলোসহ মুম্বাইয়ের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের সতর্কবার্তা দেওয়া হয়।
একজন পুলিশ কর্মকর্তার দেওয়া তথ্যমতে, হুমকিমূলক ওই ই-মেইলগুলোতে খালিস্তানের সমর্থনে স্লোগান এবং ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার কথা উল্লেখ করা হয়েছিল। এ ছাড়া প্রেরকের প্রকৃত নামের পরিবর্তে বার্তাগুলোতে ‘খালিস্তান ন্যাশনাল আর্মি’ এবং ‘বব্বর খালসা (পারমার-কানাডা)’ নামে দুটি সংগঠনের নাম ব্যবহার করা হয়।
মুম্বাইয়ের এই সফল আয়োজনের পর দিলজিৎ দোসাঞ্জ তার ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’ নিয়ে ২৯ নভেম্বর বেঙ্গালুরুতে যাবেন। এরপর পর্যায়ক্রমে ৫ ডিসেম্বর লখনউ, ১২ ডিসেম্বর চণ্ডীগড় এবং ১৯ ডিসেম্বর কলকাতায় সংগীত পরিবেশন করবেন তিনি। সবশেষে আগামী ৩১ ডিসেম্বর আবুধাবিতে একটি চূড়ান্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজের এই সংগীত সফরের পর্দা টানবেন এই জনপ্রিয় শিল্পী।
সূত্র: এনডিটিভি
