পাকিস্তানের বাতাসের সর্বনাশ

অনলাইন ডেস্ক

শনিবার সকালেও বিশ্বের সবচেয়ে দূষিত ‘বড় শহর’ হিসেবে চিহ্নিত হয়েছে পাকিস্তানের লাহোর। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকালে লাহোরের বায়ুমান সূচক (একিউআই) ৪০০-এ পৌঁছায়। একই সময়ে সারগোধা ও পেশোয়ারের বায়ুমানও ৪০০-এর ঘর ছাড়িয়ে যায়। বেশ কিছুদিন ধরেই পাকিস্তানের নানা শহর দূষিত বাতাসের নগরীর তালিকায় শীর্ষে থাকছে।

২৮ নভেম্বর সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বৈশ্বিক বড় শহরগুলোর তালিকায় শীর্ষে ছিল লাহোর। এর পরেই ৩০৪ একিউআই নিয়ে দ্বিতীয় স্থানে ছিল কাবুল এবং ২৩৮ একিউআই নিয়ে তৃতীয় স্থানে ছিল দিল্লি। এ সময় আঞ্চলিক আরও কয়েকটি শহরে উচ্চ মাত্রার দূষণ লক্ষ্য করা গেছে; যার মধ্যে দুবাইয়ের একিউআই ছিল ১৬৮, কাঠমান্ডুর ১৬৬, কলকাতার ১৬১ এবং করাচির ১৬০। এ ছাড়া কায়রো, চেংদু ও কাম্পালাও শীর্ষ ১০টি দূষিত বড় শহরের তালিকায় স্থান পায়।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ৩০০-এর বেশি একিউআই ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। এই মাত্রার দূষণ শিশু, বয়স্ক এবং শ্বাসতন্ত্র বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ঘন ধোঁয়াশা বা স্মগ অব্যাহত থাকায় প্রধান শহরগুলোতে বায়ুমানের এই অবনতি ঘটেছে। তবে দুপুর ১টার দিকে লাহোরের একিউআই কিছুটা কমে ২৯৩-এ নেমে আসে, যা ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ শ্রেণির অন্তর্ভুক্ত।

আইকিউএয়ার জানিয়েছে, বাতাসে ভাসমান অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বার্ষিক নির্দেশিকা মানের চেয়ে ৪৩.৬ গুণ বেশি ছিল। শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে এই সূক্ষ্ম কণাগুলো সহজেই রক্তপ্রবাহে মিশে যেতে পারে।

লাহোরের ভেতরেও বিভিন্ন এলাকার দূষণে বড় ধরনের তারতম্য দেখা গেছে। সকাল ৯টা থেকে ১০টার তথ্য অনুযায়ী, শহরের গড় অবস্থানের চেয়ে অনেক এলাকার পরিস্থিতি ছিল আরও নাজুক। আল্লামা ইকবাল টাউনে একিউআই ছিল সর্বোচ্চ ৬৮০। এর পরই এআরএম এলাকায় ৫৫৭ এবং এআরসিতে ৪৬১ রেকর্ড করা হয়। বেদিয়া থেতার রোডে ৪১৬ এবং মডেল টাউনের এ ব্লকে ৩৯২ একিউআই পাওয়া গেছে। তুলনামূলকভাবে কম দূষিত এলাকা হিসেবে পরিচিত বার্কি রোডেও একিউআই ছিল ২০৮, যা অত্যন্ত অস্বাস্থ্যকর পর্যায়ে পড়ে।

বায়ুদূষণের এই সংকট শুধু লাহোরে সীমাবদ্ধ থাকেনি; পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার বহু শহরে বায়ুমান অত্যন্ত অস্বাস্থ্যকর থেকে বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। সকাল ৯টা থেকে ১০টার পাকিস্তানি শহরগুলোর র‍্যাঙ্কিংয়ে ৪১৪ একিউআই নিয়ে শীর্ষে ছিল পেশোয়ার। এরপর সারগোধায় ৪০৪, গুজরানওয়ালায় ৩৮৮ এবং ফয়সালাবাদে ৩৮৪ রেকর্ড করা হয়। জাতীয় পর্যায়ে লাহোর ছিল পঞ্চম স্থানে (৩৬৩)। এ ছাড়া মুলতানে ৩৪৭, রহিম ইয়ার খানে ৩২৮, শিয়ালকোটে ৩০১, বাহওয়ালপুরে ২৮০ এবং মুজাফফরগড়ে ২৫৯ একিউআই ছিল। দুপুর ১টার দিকে পেশোয়ারের একিউআই কমে ৩২৭-এ নামলেও ৪১২ একিউআই নিয়ে শীর্ষে উঠে আসে সারগোধা, আর লাহোর নেমে আসে ২৯৩-এ।

পরিস্থিতি মোকাবিলায় বাসিন্দাদের বাইরে অবস্থান কমানো, সম্ভব হলে ঘরের ভেতরে থাকা এবং একান্তই বাইরে যেতে হলে এন৯৫ মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার দূষণ এবং ফসলের অবশিষ্টাংশ পোড়ানোকে স্মগের প্রধান উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। শীতের আবহাওয়ায় বায়ুপ্রবাহ সীমিত থাকায় দূষক কণাগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি জমে থাকে। শীতের শুরুতেই এমন তীব্র ধোঁয়াশা জনস্বাস্থ্য এবং পাঞ্জাবে দূষণ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপের কার্যকারিতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: ডন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights