রাস্তা বেহাল, ভোগান্তিতে উল্লাপাড়ার ১০ গ্রাম

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের আমডাঙ্গা-সড়াতৈল দুই কিলোমিটার কাঁচা সড়কের জন্য দুর্ভোগে পড়েছেন ১০ গ্রামের মানুষ। শুকনা মৌসুমে কোনোভাবে চলাচল করা গেলেও বর্ষায় রাস্তায় মাঝে বড় বড় গর্ত হয়। ফলে রাস্তাটি চলাচল অযোগ্য হয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা। রাস্তায় অতিরিক্ত কাদা ও পানি জমায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। মানুষের হাঁটাও হয়ে পড়ে কষ্টসাধ্য। কেউ অসুস্থ হলে হাসপাতালে নিতেও বেশ ভোগান্তি পোহাতে হয় বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা।

সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার, স্থানীয় বাসিন্দা আল মাহমুদ, আব্দুল আলীম ও বাবুল আক্তার জানান, বড়হর ইউনিয়নে আমডাঙ্গা-সড়াতৈল কাঁচা সড়কটি খুবই গুরুত্বপূূর্ণ। সড়ক দিয়ে প্রতিদিন আমড়াঙ্গা, অলিপুর, বাদুল্লাপুর, পাঁচিলা, খাসচর ও জামালপুরসহ অন্তত ১০ গ্রামের মানুষসহ বিএনএস টেকনিক্যাল স্কুল ও কলেজ, সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়, অলিপুর উচ্চ বিদ্যালয়, সড়াতৈল মাদ্রাসা, সড়াতৈল বাজার, কমিউনিটি ক্লিনিক ও পাঁচিলা বাজারের হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন। বর্ষার দিনে শিক্ষার্থীরা এক হাঁটু কাদা পেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ায় প্রায়ই পড়ে গিয়ে পোষাক ও বই খাতা নষ্ট হয়। বৃদ্ধ লোকজনও ঝুঁকি নিয়ে এই পথে হাঁটেন। স্থানীয়দের অভিযোগ রাস্তাটি পাকা করার জন্য অনেকবার বড়হর ইউপি চেয়ারম্যানের কাছে আবেদন জানালেও তাতে কোন কাজ হয়নি।

বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু জানান, পরিষদে প্রয়োজনীয় অর্থ না থাকায় রাস্তাটির উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। চলতি বছর রাস্তাটি পাকা করার একটি প্রকল্প তৈরি করে উল্লাপাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অফিসে জমা দেয়া হয়েছে।
উপজেলা প্রকৌশলী আবু সায়েদ জানান, বড়হর ইউনিয়ন পরিষদের দেওয়া প্রকল্প যাচাই বাছাই করে তাদের অগ্রাধিকার তালিকায় অনুমোদনের জন্য ইতোমধ্যে প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত এই রাস্তা পাকা করার ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights