হোসেনপুরে গরু চুরি মামলায় পৌর কাউন্সিলরসহ ৩ জন গ্রেফতার
কিশোরগঞ্জ প্রতিনিধি
গরু চুরির মামলায় পৌর কাউন্সিলরসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার। গ্রেফতার তিনজন হলেন হোসেনপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর কাইছমা এলাকার মৃত ছফির উদ্দিনের ছেলে মো. আবুল হোসেন ফারুক (৪৭), মাধখলা গ্রামের শহিদ উদ্দিন ভূইয়ার ছেলে সাইফুল ইসলাম (৪৩) ও চরকাটিহারী গ্রামের ইমান আলীর ছেলে ওমর ফারুক (৩৮)। আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে হোসেনপুর উপজেলার মাধখলা এলাকায় ৩টি গরু ও ১টি বাছুর বিক্রি করার উদ্দেশ্যে বাজারে নিয়ে যাওয়ার পথে সাইফুল ইসলামকে জনতা আটক করে। পরে পুলিশ গিয়ে থানায় নিয়ে যায় তাকে। তার স্বীকারোক্তি অনুযায়ী সোমবার রাতে পৌর কাউন্সিলর আবুল হোসেন ফারুক ও ওমর ফারুকে আটক করে।
গত ১৯ জুলাই উপজেলার চরহাজীপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মাসুদ মিয়ার বাড়ি থেকে গরু চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু গরু চুরির ঘটনায় পৌর কাউন্সিলসহ তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
