রিয়াল শিবিরে হতাশা, বড় দুঃসংবাদ দিলেন কোর্তোয়া

অনলাইন ডেস্ক

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ শিবিরে এলো বড় দুঃসংবাদ। অনুশীলনেই চোটে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। সে সময় তার অশ্রুভেজা চোখই যেন দুশ্চিন্তা জাগানিয়া খবর জানিয়ে দিয়েছে।

চিকিৎসকরা ধারণা করছেন, অ্যান্টিরিয়োর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে এই বেলজিয়ান গোলরক্ষকের। সে কারণে তার পায়ের অস্ত্রোপচার করা লাগতে পারে। এতে হয়তো পুরো মৌসুমই মাঠের থাকতে পারেন কোর্তোয়া!

বৃহস্পতিবার (১০ আগস্ট) অনুশীলনের মাঝপথেই কার্লো আনচেলত্তির জন্য খারাপ খবরটি আসে। কোর্তোয়ার লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী কয়েকদিনের মধ্যেই তার অস্ত্রোপচার করার কথা জানিয়েছে রিয়াল মাদ্রিদ।
এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ বলছে, প্রাথমিক পরীক্ষায় কোর্তোয়ার বাঁ পায়ে এসিএল ইনজুরি ধরা পড়েছে। যার কারণে তার এমআরআই করানো হবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে আগামী কয়েকদিনের ভেতর অস্ত্রোপচার করানো হবে কোর্তোয়ার।

জানা গেছে, বেলজিয়ান গোলরক্ষকের আঘাতের স্থানটি বেশ ফুলে গেছে। ফোলা কমলে এমআরআই করানো হবে কোর্তোয়ার। সেই রিপোর্ট পেলেই তার চোট কতটা গুরুতর সেটি নিশ্চিত হওয়া যাবে। তার অনুপস্থিতিতে দলের দ্বিতীয় গোলরক্ষক আন্দ্রে লুনিন মূল একাদশের জন্য বিবেচিত হতে পারেন। তবে এই মৌসুমেই ইউক্রেনীয় গোলরক্ষক ক্লাব ছাড়বেন বলে আশা করা হয়েছিল। কোর্তোয়ার ইনজুরিতে পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে রিয়ালের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights