শোক দিবসে বুয়েটের দিনব্যাপী কর্মসূচি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এর মধ্যে আছে রচনা ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

বুয়েটের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উপলক্ষে আগামী ১৫ আগস্ট বুয়েট ছাত্র কল্যাণ পরিদপ্তর কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হবে। বুয়েটের বিভিন্ন ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক আলোকচিত্র প্রদর্শন করা হবে। এ ছাড়া অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ওইদিন বাদ আসর বুয়েট কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এদিকে, শোকের মাসের কর্মসূচির অংশ হিসেবে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
গত বৃহস্পতিবার বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের নেতৃত্বে বুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ শোকাবহ আগস্টের সকল শহিদের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বুয়েট কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি রাশেদুর রহমান।

এসময় বিশ্ববিদ্যালয়ের অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক, রেজিস্ট্রার, হল প্রভোস্টবৃন্দ, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ, অফিস, ইনস্টিটিউট ও সেন্টার প্রধানগণ এবং বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষিকাসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights