ব্রাজিল দলে ফিরলেন নেইমার, বাদ পড়েছেন পাকেতা

অনলাইন ডেস্ক

কাতার বিশ্বকাপে স্বপ্নভঙ্গের হতাশায় খুব ভেঙে পড়েছিলেন নেইমার। সেই থেকে জাতীয় দলের জার্সিতেও আর দেখা যায়নি তাকে। বছর না ঘুরতে আগামী বিশ্বকাপে জায়গা পাকা করার লড়াইয়ে নামতে যাচ্ছে দল। অধরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন মনে রেখে প্রত্যাশিতভাবে দলে ফিরেছেন নেইমার।

আগামী বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম দুই রাউন্ডের জন্য শুক্রবার (১৮ আগস্ট) দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ ফের্নান্দো জিনিস। কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে হেরে বিদায় নেয় ব্রাজিল। এরপর তিনটি ম্যাচ খেলেছে রেকর্ড পাঁচবারের বিশ্‌ব চ্যাম্পিয়নরা। কোনোটিতে স্কোয়াডেই ছিলেন না নেইমার। তবে সম্প্রতি পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেওয়া এই তারকার বাছাইয়ের দলে ফেরাটা একরকম নিশ্চিতই ছিল।

আগামী মাসে বলিভিয়া ও পেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল। ৮ সেপ্টেম্বর ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে ম্যাচের চারদিন পর পেরুর মাঠে খেলবে তারা। ২৩ সদস্যের দলে বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য নাম চিয়াগো সিলভা, রাফিনিয়া, লুকাস পাকেতা ও এদের মিলিতাও। গত বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে আছেন চেলসির অভিজ্ঞ ডিফেন্ডার সিলভা। হাঁটুতে চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন রেয়াল মাদ্রিদ ডিফেন্ডার মিলিতাও।
বেটিং কেলেঙ্কারির অভিযোগ ওঠায় শেষ মুহূর্তে বাদ দেওয়া হয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মিডফিল্ডার পাকেতাকে। দল ঘোষণার সময় কোচ জিনিস বলেন, তার প্রাথমিক দলে ছিলেন পাকেতা, কিন্তু পরে বাদ দেন।

ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), বেন্তো (আতলেতিকো পারানায়েনসে)

ডিফেন্ডার: গাব্রিয়েল (আর্সেনাল), ইবানেস (আল-আহলি), মার্কিনিয়োস (পিএসজি), নিনো (ফ্লুমিনেন্স), দানিলো (ইউভেন্তুস), ভেন্দেরসন (মোনাকো), কাইয়ো এইহিক (মোনাকো), রেনান লোদি (অলিম্পিক মার্সেই)

মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেন্স), ব্রুনো গিমারাশ (নিউক্যাসল ইউনাইটেড), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস), জোয়েলিন্তন (নিউক্যাসল ইউনাইটেড)

ফরোয়ার্ড: আন্তোনি (ম্যানচেস্টার ইউনাইটেড), গাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), মাথেউস কুইয়া (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), নেইমার (আল হিলাল), রিশার্লিসন (টটেনহ্যাম হটস্পার), রদ্রিগো (রেয়াল মাদ্রিদ), ভিনিসিউস জুনিয়র (রেয়াল মাদ্রিদ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights