টানা বৃষ্টিতে সাতক্ষীরা পৌর ও সদর এলাকার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
সাতক্ষীরা প্রতিনিধি
টানা কয়েক দিনের বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভার নিম্নাঞ্চল ও সদর উপজেলার বিস্তৃর্ণ জনপদ পানিতে তলিয়ে গেছে। নিষ্কাশন না হওয়ায় পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। দুর্ভোগ লাঘবে দ্রুত জলাবদ্ধতা থেকে মুক্তি চান এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখাগেছে, গত ৭ থেকে ৮ দিনের বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভার কামাননগর, মধুমল্লারডাঙ্গী, কাঠিয়া মাঠ পাড়া, পুরাতন সাতক্ষীরা, বদ্দিপুর কলনি ও সদর উপজেলার ধুলিয়ার, ব্রহ্মরাজপুর, গবিন্দকাটিসহ বিস্তৃর্ণ জনপদ পানি বন্দি হয়ে পড়েছে। তলিয়ে আছে এলাকার রাস্তা-ঘাট, বসতবাড়ী, বাড়ির আঙিনা, ফসলি জমি ও মৎস্য ঘের। চরম ক্ষতি ও দুর্ভোগের মুখে এলাকাবাসী। জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনে নেই কোন পরিকল্পিত ড্রেন ব্যবস্থা।
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু জানান, সাতক্ষীরা পৌর সভার ৪টি ওয়ার্ডের নিন্মাঞ্চল ও সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহরসহ ৪টি ইউনিয়ন গত এক সপ্তাহ ভারী বর্ষণে জলাবদ্ধতার শিকার হয়ে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। ঠিকমত পানি নামতে না পারায় জনদুর্ভোগ বেড়েছে। জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ড খাল ও নদ-নদী খনন কাজ চলমান আছে। আশা করছি নদী খনন কাজ সম্পন্ন হলে এলাকা থেকে পানি নেমে যাবে। তা না হলে প্রতি বছরের ন্যায় শ্যালো মেশিন দিয়ে পানি সেচে বেতনা নদীতে ফেলতে হবে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ নির্বাহী প্রকৌশলী মোঃ আশিকুর রহমান জানান, সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদ-নদী ও খাল খননের কাজ চলমান রয়েছে। দ্রুত কাজ শেষ হলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে বলে জানান তিনি।
