আওয়ামী লীগের কারণে জনগণ আজ অধিকার হারা : আলাল

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের কারণে জনগণ আজ ক্ষমতা ও অধিকার হারা বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

রবিবার জামালপুর দ্রুত বিচার আদালতে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, দলের সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দায়েরকৃত মামলায় শুনানি শেষ হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

এ সময় আলাল বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোটাধিকার হরণ, বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা, গ্রেফতার, হয়রানি চলছে। জনগণ তার অধিকার ও ক্ষমতা ফিরে পেতে আন্দোলন সংগ্রামে নিয়োজিত। এই আন্দোলন সফল করে গণতন্ত্র ও বেগম খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সেলফি তুলে যদি সন্তুষ্ট থাকে থাকুক, জনগণ নিজেদের সন্তুষ্টি আদায় করে নিবে।

এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ও এড. ফজলুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights