বাবা ও ভাইকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

দিনাজপুর প্রতিনিধি

জমি নিয়ে বিরোধের জেরে দিনাজপুরে নিজের বাবা ও ছোট ভাইকে হত্যার দায়ে বাঞ্চারাম রায় নামে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিজ্ঞ বিচারক শ্যাম সুন্দর রায় দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করেন।
আসামি বাঞ্চারাম রায় দিনাজপুর সদর উপজেলার আমইর এলাকার বঙ্কিম চন্দ্র রায়ের ছেলে। তিনি বাবা বঙ্কিম চন্দ্র রায় ও ছোট ভাই নোহারাম রায়কে হত্যার দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত হন। জোড়া হত্যায় দায়েরকৃত মামলার ১৭ বছর পর এ রায় হলো। হত্যা ঘটনার পর থেকেই আসামি বাঞ্চারাম রায় পলাতক রয়েছে।
দিনাজপুর সদর কোর্ট ইন্সপেক্টর-২ শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

আদালতে সরকার পক্ষের কৌশলী এপিপি হাসানে ইমাম নয়ন জানান, ২০০৬ সালে সদর উপজেলার আমইর গ্রামের বঙ্কিম চন্দ্র রায় ও তার ছোট ছেলে নোহারাম রায়ের সাথে জমি- নিয়ে বিবাদ চলছিল বড় ছেলে বাঞ্চারাম রায়ের। এক পর্যায়ে একই সালের ১৭ অক্টোবর রাতে বাবা ও ছোট ভাইকে ধারালো ছুরি দিয়ে অতর্কিত আঘাত করলে গুরুতর আহত হন। স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। পরদিন ছোট ভাই নোহারাম রায়ের স্ত্রী কুমুতী রানী রায় কোতয়ালী থানায় বাদী হয়ে জোড়া হত্যায় একটি মামলা করেন। যেহেতু বাদীর সামনেই তার শ্বশুর ও স্বামীকে হত্যা করেছে ভাসুর, তাই মামলা প্রমাণ করতে সচেষ্ট হয়েছি। এতে বিজ্ঞ বিচারক এই আসামিকে মৃত্যুদণ্ড রায় প্রদান করেন। তবে আসামি বাঞ্চারাম রায় হত্যা ঘটনার পর থেকে পলাতক রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights