পৃথিবীতে ফিরলেন মহাকাশে আটকে পড়া নভোচারীরা

অনলাইন ডেস্ক
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তিন নভোচারী এক বছরের বেশি সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে ছিলেন। অবশেষে তারা পৃথিবীতে ফিরেছেন। কাজাখস্তানের একটি প্রান্তিক এলাকায় অবতরণ করেছেন তারা। খবর দ্য গার্ডিয়ানের।

তিনজনের মধ্যে দুজন রাশিয়ার নভোচারী ও একজন যুক্তরাষ্ট্রের। তারা হলেন রাশিয়ার সের্গেই প্রকোপিয়েভ ও দিমিত্রি পেতেলিন এবং নাসার ফ্র্যাঙ্ক রুবিও। তারা আগেও পৃথিবীতে ফেরার চেষ্টা করেছেন। তবে মহাকাশীয় বর্জ্যের সঙ্গে ধাক্কা খেয়ে যাত্রা বাতিল হয় এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে সংযুক্ত হওয়ার সময় তাদের বহনকারী মহাকাশযানটির সবটুকু শীতলীকারক পদার্থ হারিয়ে ফেললে তাদের যাত্রা বিলম্বিত হয়।

এই তিন মহাকাশচারীর মিশন ছিল ৬ মাস বা ১৮০ দিনের। কিন্তু ত্রুটির কারণে সেই মিশনের দৈর্ঘ্য গিয়ে দাঁড়ায় ৩৭১ দিনে বা এক বছরের কিছু সময় বেশি।
নাসার তথ্য অনুসারে, রুবি, সের্গেই প্রকোপিয়েভ এবং দিমিত্রি পেতেলিন এই সময়ের মধ্যে ১ লাখ ৫৭৪ মাইল ভ্রমণ করেছেন এবং পৃথিবীকে কেন্দ্র করে ৫ হাজার ৯৬৩ বার আবর্তন করেছেন।

মূলত গত ফেব্রুয়ারি মাসে এই তিনজনের ফেরার কথা ছিল। কিন্তু রাশিয়া তাদের ফেরত আনার জন্য প্রথমবার যে সয়ুজ মহাকাশযান পাঠিয়েছিল সেটি মহাকাশের কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। বিজ্ঞানীরা আশঙ্কা করেন, মহাকাশযানটির কুল্যান্ট বা রেডিয়েটর ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আশঙ্কা করেছিলেন, এই অবস্থায় মহাকাশচারী আনতে তা তাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। পরে মহাকাশযানটিকে খালি ফিরিয়ে আনা হয়।

কিন্তু রাশিয়ার হাতে নতুন কোনো সয়ুজ মহাকাশ যান প্রস্তুত ছিল না, যার মাধ্যমে তড়িঘড়ি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়া নভোচারীদের ফিরিয়ে আনা যায়। অবশেষে চলতি মাসের শুরুর রাশিয়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নতুন একটি মিশন পাঠায়, যা সেখানে প্রায় দুই সপ্তাহ আগে পৌঁছায়। পরে সেই যানে করেই গতকাল বুধবার ওই তিন মহাকাশচারী পৃথিবীতে ফিরে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights