কক্সবাজারের পথে পরীক্ষামূলক ট্রেন চলবে ১৫ অক্টোবর

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের দোহাজারী থেকে পর্যটন নগর কক্সবাজারে নবনির্মিত রেলপথ দিয়ে প্রথম পরীক্ষামূলক ট্রেন চালু হতে যাচ্ছে আগামী ১৫ অক্টোবর। এ জন্য চট্টগ্রামের পটিয়া রেলস্টেশনে ট্রায়ালের জন্য এনে রাখা হয়েছে ছয়টি বগির একটি ট্রেন।

আজ শুক্রবার দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের বিদায়ী পরিচালক মফিজুর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, আগামী ২৮ অক্টোবর এটি উদ্বোধন হতে পারে বলে জানিয়েছিলেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, এ লক্ষ্যে চট্টগ্রামের পটিয়া রেলস্টেশনে ট্রায়াল ট্রেন এসে পৌঁছেছে গত ৬ আগস্ট। ছয়টি বগির এই ট্রেনের প্রতি বগিতে ৬০ জন করে যাত্রী বসতে পারবে।
প্রকল্প পরিচালক মফিজুর রহমান বলেন, আগামী বছরের ২৪ জুন পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ থাকলেও তার আগে আগামী ডিসেম্বরের দিকে পুরোপুরি কাজ শেষ হবে। বাণিজ্যিক ভিত্তিতে চালানোর জন্য তার আগেই বুঝিয়ে দেওয়া যাবে।

এদিকে, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, প্রকল্পের কাজ বুঝিয়ে দেওয়ার পর বাণিজ্যিক ভিত্তিতে এই লাইনে ট্রেন চালু হবে। নতুন এই রেলপথ চালু হলে চট্টগ্রাম থেকে মাত্র আড়াই ঘণ্টায় পর্যটন নগর কক্সবাজারে পৌঁছানো যাবে।

প্রকল্পের সার্বিক অগ্রগতির বিষয়ে প্রকল্প পরিচালক মফিজুর রহমান বলেন, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০১ কিলোমিটার লাইনের মধ্যে মোট প্রকল্পের কাজ ৮৯ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি সাতকানিয়া ও লোহাগাড়া এলাকার দিকে প্রায় চার কিলোমিটার কাজ বাকি আছে। তা দ্রুতই শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights