রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে অহেতুক দুশ্চিন্তার দরকার নেই। তবে সতর্ক থাকার দরকার আছে। রিজার্ভ বাড়াতে রেমিট্যান্স এবং রপ্তানি আয় বাড়ানোর দিকে বিশেষ নজর দিতে হবে। গতকাল রাজধানীর তেজগাঁওয়ের এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. ফরাসউদ্দিন আরও বলেন, রিজার্ভ নিয়ে আমি চিন্তিত কিন্তু উৎকণ্ঠিত নই। সমস্যা মনে করছি কিন্তু সংকট মনে করছি না। রেমিট্যান্সের বিপরীতে প্রণোদনা না দিয়ে খোলা বাজারের সঙ্গে ব্যাংকে ডলারের পার্থক্য ঘোঁচাতে পারলে কালোবাজারি বন্ধ হবে। টাকা-ডলার বিনিময় হার অভিন্ন থাকতে হবে। কার্ব মার্কেটে বেশি দর পাওয়া যাচ্ছে। এ কারণে প্রবাসীরা সে দিকে আকৃষ্ট হচ্ছে।

দেশের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেওয়ার সময় ড. ফরাসউদ্দিন বলেন, রিজার্ভের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে অযথা বিতর্ক হচ্ছে। যারা বলছেন তিন মাসের মধ্যে রিজার্ভ ফুরিয়ে যাবে, তারা কি মনে করেন, তিন মাসে কোনো রপ্তানি আয় এবং রেমিট্যান্স আসবে না? তিনি বলেন, বড় অঙ্কের ঋণ নিয়ে পরিশোধ না করেও অনেকে পার পেয়ে যাচ্ছে। অথচ সামান্য ঋণের জন্য কৃষককে জেলে নেওয়া হয়। অনেকে ১০-২০ হাজার কোটি টাকার ঋণ নিয়ে ফেরত দেন না। তারা সব সরকারের আমলেই ডানে-বামে বসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights