অতিথি পাখি শিকারে কৃত্রিম বকের ফাঁদ, উখিয়ার বিলে বন বিভাগের অভিযান
অনলাইন ডেস্ক
কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে অতিথি পাখি শিকারে ব্যবহৃত পাঁচ হাজার কৃত্রিম বক ও তিন হাজার মিটার জাল জব্দ করেছে বন বিভাগ। এ সময় ধ্বংস করা হয়েছে শতাধিক ফাঁদঘর। ফাঁদে আটকে থাকা আটটি জীবিত বকও উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাছকারিয়া বিলে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।
তিনি বলেন, শীতের আগমনে অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠছে উখিয়ার মাছকারিয়া এলাকার শাপলা বিল। সুদূর পথ পাড়ি দিয়ে আসা নানা প্রজাতির পাখির বিচরণে জলাভূমিগুলোতে প্রাণচাঞ্চল্য তৈরি হচ্ছে। তবে প্রকৃতির এই সৌন্দর্যের আড়ালে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি পাখিশিকারিরা।
রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, গত কয়েক দিন ধরে অতিথি পাখির আগমনকে কেন্দ্র করে শিকারিরা বিলের বিভিন্ন স্থানে জাল, কৃত্রিম বক ও ফাঁদ পেতে শিকারের প্রস্তুতি নিচ্ছিলেন। এ খবর পেয়ে সোমবার সকালে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান চালায় বন বিভাগ।
তিনি আরও জানান, বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে পাখিশিকারিরা পালিয়ে যায়। পরে বিলের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে শিকারের কাজে ব্যবহৃত পাঁচ হাজার কৃত্রিম বক ও তিন হাজার মিটার জাল জব্দ করা হয়। এ সময় পাখি ধরার শতাধিক ফাঁদঘর ধ্বংস করা হয়। ফাঁদে আটকে থাকা আটটি জীবিত বক উদ্ধার করে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। জব্দ করা কৃত্রিম বক, জাল ও ফাঁদঘরও ধ্বংস করা হয়েছে।
বন বিভাগের এক কর্মকর্তা বলেন, অতিথি পাখি শিকার বন্ধ এবং জলাভূমির জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
