অধিকার আদায়ে নিজেকেই সচেতন হতে হবে: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, সিলেট
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, কোনো এলাকায় উন্নয়নকাজ হলে এর মান ও অগ্রগতি নিশ্চিতে স্থানীয়দের নিয়মিত তদারকি করা উচিত। সরকারি উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ প্রায়ই শোনা যায়। এসব প্রতিরোধে স্থানীয়ভাবে কমিটি গঠন করে কাজের তদারকি করা যেতে পারে। ওই কমিটিতে মসজিদের ইমাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রকৌশলী ও এলাকার সচেতন নাগরিকদের রাখা যেতে পারে। কারণ, নিজের অধিকার আদায়ে নিজেকেই সচেতন হতে হবে।
বুধবার সকালে সিলেট নগরের কানিশাইলে সুরমা নদীর তীর প্রতিরক্ষাকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, সুরমা নদীর মীরেরচক, মেন্দিবাগ, কানিশাইল, টুকেরবাজার ও মীরেরগাঁও এলাকায় তীর প্রতিরক্ষাকাজ করা হবে। পাশাপাশি কুশিয়ারা, বাসিয়া, গোয়াইন ও সারি-গোয়াইন নদীতেও পুনঃখনন ও তীর সংরক্ষণকাজের পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী বলেন, সিলেট নগরের জলাবদ্ধতা নিরসনে প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকার একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে, যার আওতায় সুরমা নদীর দুই তীরে বাঁধ ও সড়ক নির্মাণ করা হবে।
