অস্ট্রেলিয়া শিবিরে দুঃসংবাদ, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কামিন্স
অনলাইন ডেস্ক
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দলের প্রধান পেস অস্ত্র ও অভিজ্ঞ খেলোয়াড় প্যাট কামিন্স পিঠের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে ভোগানো লাম্বার স্ট্রেস ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি কামিন্স। প্রাথমিক দলে থাকলেও মেডিকেল টিম ঝুঁকি নিতে নারাজ। ফলে বিশ্বকাপে না খেলিয়ে তাকে সম্পূর্ণ সুস্থ করে তোলার পথেই হাঁটছে বোর্ড।
ডিসেম্বরের মাঝামাঝি অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি কামিন্সকে। জুলাইয়ের পর সেটিই ছিল তার একমাত্র ম্যাচ। চোটের আভাস পাওয়ায় অ্যাশেজ নিশ্চিত হওয়ার পরই তাকে বিশ্রামে পাঠানো হয়।
কামিন্সের জায়গায় স্কোয়াডে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার বেন ডোয়ারশুইস। নির্বাচকদের বিশ্বাস, তার বাঁহাতি সুইং ও বৈচিত্র্যপূর্ণ পেস আক্রমণে নতুন মাত্রা যোগ করবে। প্রয়োজনে ব্যাট হাতেও অবদান রাখতে পারেন তিনি।
বিশ্বকাপের কন্ডিশন মাথায় রেখে দলেও এসেছে কৌশলগত পরিবর্তন। স্পিন সহায়ক উইকেট বিবেচনায় মিডল অর্ডার আরও শক্ত করতে ম্যাথু শর্টের বদলে দলে নেওয়া হয়েছে ম্যাট রেনশ’কে। অন্যদিকে বিগ ব্যাশে ধারাবাহিক পারফরম্যান্স করলেও এবারও জাতীয় দলের দরজা খুলল না স্টিভেন স্মিথের জন্য।
তবে স্বস্তির খবর চোট কাটিয়ে বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট হয়েছেন জশ হ্যাজলউড, টিম ডেভিড ও নাথান এলিস।
অস্ট্রেলিয়ার চূড়ান্ত স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।
