অস্ত্র জ্যাম হয়ে যাওয়ায় বানচাল হলো মন্দিরে রক্তক্ষয়ী হামলার পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে এক হিন্দু মন্দিরে হামলার বড় ধরনের নাশকতার ছক শেষ মুহূর্তে ভেস্তে গেছে। হোয়াইট সুপ্রিমেসি বা শ্বেতাঙ্গ আধিপত্যবাদী উগ্রবাদে বিশ্বাসী ১৯ বছর বয়সী এক তরুণ ক্যালিবার রাইফেল ও প্রচুর গোলাবারুদ নিয়ে হামলার প্রস্তুতি নিয়েছিল। তবে ঠিক ঘটনাস্থলে পৌঁছে তার হাতের রাইফেলটি জ্যাম (অচল) হয়ে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি ও রক্তপাত থেকে রক্ষা পায় উপাসনালয়টি।

ঘটনাটি ঘটেছে ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো-সংলগ্ন অরোরা এলাকায়। অভিযুক্ত তরুণের নাম আলেকজান্দ্রোস পাপোরাকিস, যিনি প্যালাটাইন শহরের একটি টাঙ্গো বেল রেস্তোরাঁয় ক্যাশিয়ারের কাজ করতেন। এই চাঞ্চল্যকর ঘটনার পর থেকেই স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (১১ অক্টোবর) ওই হামলা চালানোর পরিকল্পনা করেছিল পাপোরাকিস। ঘটনার দিন সকালে সে তার এক সহকর্মীকে ফোন করে জানায় যে, তার বন্দুকটি জ্যাম হয়ে গেছে এবং সে দ্রুত কাউকে কিছু বুঝতে না দিয়েই সেখান থেকে চলে এসেছে। তার এই সন্দেহজনক আচরণ এবং এর আগে হামলার পরিকল্পনা-সংবলিত একটি ইশতেহার ও কিছু ছবি এক পরিচিত ব্যক্তির কাছে শেয়ার করার পর বিষয়টি জানাজানি হয়। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি অবহিত করেন।

তদন্তে নেমে পুলিশ পাপোরাকিসের ইলেকট্রনিক যোগাযোগমাধ্যম এবং তার নিজ হাতে লেখা ‘হোয়াই আই ফট’ শীর্ষক একটি ইশতেহার উদ্ধার করে। ওই নথিতে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত, বিশেষ করে ভারতীয়দের ওপর চরম ঘৃণা এবং সহিংসতার উসকানিমূলক বার্তা ছিল। এ ছাড়া তার ফোন থেকে রাইফেল, ম্যাগাজিন, বর্ম এবং অন্যান্য ট্যাকটিক্যাল সরঞ্জামের ছবিও উদ্ধার করা হয়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্যালাটাইন ও মাউন্ট প্রসপেক্ট পুলিশ ডিপার্টমেন্ট যৌথভাবে দ্রুত পদক্ষেপ নেয়। ওই দিন সন্ধ্যায় নিজ বাসভবন থেকে বের হওয়ার সময় পাপোরাকিসকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ একটি সংক্ষিপ্ত ব্যারেলের রাইফেল, বেশ কয়েকটি লোড করা ম্যাগাজিন, শত শত রাউন্ড অতিরিক্ত গুলি, বডি আর্মার এবং উগ্রবাদী শ্বেতাঙ্গ আধিপত্যবাদের চিহ্নযুক্ত একটি ট্যাকটিক্যাল ভেস্ট উদ্ধার করে।

এদিকে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন (এইচএএফ) এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যমে জানিয়েছে যে, পাপোরাকিস অত্যন্ত ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সরাসরি মন্দিরে পৌঁছে গিয়েছিল এবং গুলি চালানোর চেষ্টা করলেও অস্ত্রের যান্ত্রিক ত্রুটির কারণে তা ব্যর্থ হয়। অরোরা এলাকার অন্যতম বৃহৎ হিন্দু মন্দির ‘শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী (বালাজি) মন্দির’ কর্তৃপক্ষের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মন্দির পরিচালনা পর্ষদ জানিয়েছে, তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন এবং ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সশস্ত্র নিরাপত্তার ব্যবস্থা করাসহ অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হয়েছে।

ঘটনার পর অরোরা পুলিশ ডিপার্টমেন্ট এবং এফবিআই যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। অভিযুক্ত পাপোরাকিসের বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি প্রদর্শন এবং ১৬ ইঞ্চির কম ব্যারেলের অবৈধ রাইফেল রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার কুক কাউন্টি থার্ড মিউনিসিয়্যাল ডিস্ট্রিক্ট কোর্টে তাকে হাজির করা হলে বিচারক তাকে জামিনঅযোগ্য হিসেবে আটক রাখার নির্দেশ দেন। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৩০ অক্টোবর।

হিন্দু উৎসবের মৌসুমের ঠিক প্রাক্কালে এমন ঘৃণ্য হামলার পরিকল্পনা উদ্ঘাটিত হওয়ায় স্থানীয় প্রবাসী ভারতীয় ও হিন্দু সম্প্রদায়ের মাঝে কঠোর নিরাপত্তা ও সতর্কতার তাগিদ দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights