আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডসে ইউল্যাবের ৪ পুরস্কার অর্জন

অনলাইন ডেস্ক
বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি পুরস্কার পেয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের উদ্ভাবিত চারটি প্রকল্পের মধ্যে একটি চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড এবং তিনটি মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেছে।

বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্কের (বিন) আয়োজনে গত ৩ অক্টোবর ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিজনেস সার্ভিসেস ক্যাটাগরিতে মেরিট অ্যাওয়ার্ড পেয়েছেন সাইফুল ইসলাম, এম. এম. রাফসানজানি সৌরভ ও প্রান্ত পাল। তাদের প্রকল্প ‘সত্য অনুসন্ধান’ অধ্যাপক নাফিস মনসুরের তত্ত্বাবধানে ক্যাপস্টোন প্রজেক্ট হিসেবে তৈরি করা হয়।

কনজ্যুমার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়েছেন ইউল্যাবের শিক্ষার্থী মো. আবু হুরায়রা ও মো. শাহরিয়ার আলম। তাদের উদ্ভাবিত প্রকল্পের নাম ‘CHRONIQ’। অধ্যাপক মুহাম্মদ গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে একটি কোর্স প্রজেক্ট হিসেবে এর যাত্রা শুরু হয়।

ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস ক্যাটাগরিতে ‘গেইটএইড’ প্রকল্পের জন্য মেরিট অ্যাওয়ার্ড পেয়েছেন রোজা স্মরণী বিশ্বাস, তালহা শাদ ও প্রান্ত বড়াই। প্রকল্পটি অধ্যাপক মুহাম্মদ গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে তৈরি করা হয়। একই ক্যাটাগরিতে ‘বাক শ্রবন’ প্রকল্পের জন্য মেরিট অ্যাওয়ার্ড পেয়েছেন রাহুল বালা প্রমিথ ও অনিমা বিশ্বাস।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় সারা দেশ থেকে মোট ৩৫৫টি উদ্ভাবনী প্রকল্প জমা পড়ে। প্রাথমিক বাছাই শেষে ১১৮টি প্রকল্প চূড়ান্ত মূল্যায়নের জন্য নির্বাচিত হয়। শিল্প, শিক্ষা, ব্যাংকিং, সরকারি ও স্টার্টআপ খাতের ৪০ জন অভিজ্ঞ বিচারকের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেলের কঠোর মূল্যায়নের মাধ্যমে মাত্র ৪৪টি প্রকল্পকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।

এই গৌরবময় অর্জনের জন্য ইউল্যাব কর্তৃপক্ষ পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের তত্ত্বাবধায়ক শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে। বিশ্ববিদ্যালয়টি ভবিষ্যতেও উদ্ভাবনী চিন্তাভাবনা, গবেষণাভিত্তিক শিক্ষা এবং বাস্তব জীবনের সমস্যা সমাধানে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights