আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের গাছের চারা রোপণ

আদমদীঘি প্রতিনিধি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘের বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ জুন) সকালে উপজেলার তেঁতুলিয়া ও ছাতিয়ানগ্রাম এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, তরিকুল ইসলাম জেন্টু, কার্যকরী কমিটির সভাপতি আমিনুল ইসলাম সুমন, সহ-সভাপতি আহসান হাবীব তুহিন, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক শাকিলা আক্তার, কোষাধ্যক্ষ ফিরোজ হোসেন, দপ্তর সম্পাদক রঞ্জন কুমার, সমাজ কল্যাণ সম্পাদক সাগর আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তানভীর হাসান সম্রাট, ক্রীড়া সম্পাদক নাইমুল হাসান জিকু, শাকিল হোসেন ও ছায়া আক্তারসহ অন্যরা।

হাসিবুল ইসলাম শাকিল বলেন, ‘বৃক্ষ মানুষের পরম বন্ধু। প্রত্যেক ব্যক্তিকে বৃক্ষপ্রেমিক হতে হবে। বিশেষ দিনগুলোকে উপলক্ষ্য করে বৃক্ষরোপণ করলে সেটাও ভালো কাজে দেবে। যেমন সেটা হতে পারে প্রত্যেক ব্যক্তির নিজ নিজ জন্মদিনে, সন্তানের জন্মদিনে, সন্তানের প্রথম স্কুলে যাওয়ার দিন, বিবাহবার্ষিকীতে, বিখ্যাত ব্যক্তিদের নামে, পরিবারের প্রত্যেক সদস্যের নামে, পরীক্ষার ফলাফল প্রকাশের দিনে বা অন্য কোনো বিশেষ কারণে। আমরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই উপজেলায় শতাধিক ফলদ ও বনজ গাছ রোপণের উদ্যোগ গ্রহণ করেছি।’

বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম বলেন, পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ গুরুত্বারোপ করেছেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। গাছ শুধু অক্সিজেনই দেয় না, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ুর ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights