আনন্দ মেলার নামে ‘অশ্লীলতা-জুয়া’ বন্ধের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা শহর সংলগ্ন পশ্চিম কোমরনই কদমতলী এলাকায় শুরু হতে যাওয়া মাসব্যাপী ‘আনন্দ মেলা’র নামে অশ্লীল যাত্রাপালা, অসামাজিক কার্যক্রম ও জুয়া-হাউজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ‘সচেতন এলাকাবাসী’র ব্যানারে কদমতলী এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘মেলায় অশ্লীল যাত্রাপালা, অসামাজিক কার্যক্রম ও জুয়া (হাউজি) আসরের ব্যবস্থা করা হয়েছে’ অভিযোগ করে সমাবেশে বক্তারা বলেন, এই মেলা শুরু হলে যুবক-যুবতীদের নৈতিক চরিত্রের অবক্ষয় এবং এলাকায় চুরি, ছিনতাই ও মাদক কারবারি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে আমরা দ্রুত মেলার সমস্ত কার্যক্রম বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আহ্বান জানান।

এতে বক্তব্য দেন পূর্ব কোমরনই পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি আব্দুল সবুর খান, সাধারণ সম্পাদক শাহ মো. আমজাদ হোসেন, খতিব মওলানা আব্দুল মাজেদ প্রমুখ।

সমাবেশ শেষে এ মেলা বন্ধে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights