আবেদন করেও কলেজ মিলেনি সাড়ে ৭ হাজার শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে তিন দফা আবেদন করেও কলেজ মিলেনি প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থীর। তবে এখনো যেসব শিক্ষার্থী কলেজ ভর্তির জন্য মনোনীত হয়নি তাদের ব্যাপারে আন্তঃবোর্ড সমন্বয় কমিটি মন্ত্রণালয়ের সাথে বসে সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছে শিক্ষাবোর্ড।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক বলেন, তৃতীয় পর্যায়ের আবেদন শেষেও এখন পর্যন্ত ৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি। তাদের ব্যাপারে আন্তঃবোর্ড সমন্বয় কমিটি মন্ত্রণালয়ের সাথে বসে সিদ্ধান্ত নিবে। এখন পর্যন্ত চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে কলেজগুলোতে পর্যাপ্ত আসন খালি রয়েছে।

তিনি আরও বলেন, তারা নিশ্চয় আবেদনের সময় পর্যাপ্ত কলেজ দেয়নি। অর্থাৎ ১০টি কলেজের জায়গায় তারা হয়তো ৫-৬টি কলেজ পছন্দক্রম হিসেবে দিয়েছে। এছাড়াও হয়তো মেধা তালিকা অনুযায়ী এসব শিক্ষার্থী যেসব কলেজ পাবে না, তারা বারবার সেসব কলেজই পছন্দক্রম হিসেবে দিয়েছে।
কলেজ শাখা সূত্র জানায়, তৃতীয় পর্যায় পর্যন্ত মোট আবেদনকারীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৭৭ জন। দ্বিতীয় পর্যায়ের আবেদন শেষে ১ লাখ ৭ হাজার ৩৪১ নিশ্চায়ন করেছে। তৃতীয় পর্যায়ে কলেজ মনোনয়ন পেয়েছে ৫ হাজার ৭৩৪ জন শিক্ষার্থী। এ পর্যন্ত ভর্তির জন্য সর্বমোট কলেজ মনোনয়ন পেয়েছে ১ লাখ ১৩ হাজার ৭৫ জন।

অন্যদিকে, এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮১৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১ লাখ ২০ হাজার ৮৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights