‘আমি কখনও হারতে চাই না’

অনলাইন ডেস্ক

বাংলাদেশের স্বপ্নের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। প্রতিপক্ষ লড়াকু আফগানিস্তান। ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বেলা ১১টায় মুখোমুখি হবে সাকিব আল হাসান ও হাশমতউল্লাহ শহিদির দল।

এ ম্যাচের আগে সাকিব আল হাসান ও বাংলাদেশের কোচ চান্ডিকা হাথুরুসিংহের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেই ভিডিওতেই সাকিব জানিয়েছেন তার জয়ের মানসিকতার কথা।

সাকিব বলেন, ‘মনে হয় আমি কখনও হারতে চাই না, আদৌ না। সব সময় জিততে পছন্দ করি। সেটা হোক গ্রামে আমার বন্ধুদের সঙ্গে কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে। জয়ের এই মানসিকতাটাই বোধহয় আমাকে সাকিব আল হাসান বানিয়েছে।’
টেস্ট ও টি-টোয়েন্টির তুলনায় বাংলাদেশকে ওয়ানডেতে ভালো দল বলেই অভিহিত করা হয়। সাকিব অন্য দুই ফরম্যাটের তুলনায় ৫০ ওভারের ক্রিকেটে নিজেকে ভালো মনে করেন। তিনি বলেন, ‘এই ফরম্যাটটা আমার পছন্দের। বড়ই হয়েছি ওয়ানডে খেলে খেলে। বাচ্চাকাল থেকে এটা সম্পর্কে জানাশোনা ছিল। টি-টোয়েন্টি আর টেস্টের জন্য নিজেকে অনেক পরিবর্তন করতে হয়েছে।’

২০১৯ বিশ্বকাপটা স্বপ্নের মতো কাটিয়েছিলেন সাকিব। ওই আসরে ব্যাট হাতে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে ১১ উইকেট নিয়েছিলেন তিনি। সেগুলো নিয়েও কথা বলেন সাকিব। তিনি জানান, ‘২০১৯ বিশ্বকাপটা আমার ক্যারিয়ারে সেরা। নিজেকে ভালোভাবে প্রস্তুত করেছিলাম। বলতে গেলে পাগল ছিলাম, সব কিছু (পারফরম্যান্স) করতে চেয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights