আসনভিত্তিক সংখ্যা প্রকাশ: কোন আসনে কত ভোটার?
অনলাইন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক ভোটার সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেই হিসাবে ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ভোট দিতে পারবেন।
মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন; নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন; আর হিজড়া ভোটার আছেন ১ হাজার ১২০ জন।
বৃহস্পতিবার ইসির জনসংযোগ শাখা থেকে প্রকাশিত আসনভিত্তিক ভোটার তালিকা পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।
এতে ভোটকেন্দ্রের নাম ও অবস্থান; নারী, পুরুষ ও হিজড়া ভোটার সংখ্যার পাশাপাশি প্রথমবারের মতো নিবন্ধিত পোস্টাল ব্যালটে নিবন্ধিতদের সংখ্যাও তুলে ধরা হয়েছে।
নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পাঠানো আসনভিত্তিক ভোটার সংখ্যা পর্যালোচনায় দেখা যায়, ৩০০ আসনে সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে; ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। আর সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে; ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।
এবার প্রার্থীদের ব্যয়ের ক্ষেত্রে ভোটার প্রতি ১০ টাকা নির্ধারণ করা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশে। সেক্ষেত্রে সংসদ নির্বাচনে প্রার্থীরা ২৫ লাখ টাকা ব্যয় করতে পারবেন, তবে আড়াই লাখের বেশি হলে জনপ্রতি ১০ টাকা হারে ব্যয়ের সুযোগ রয়েছে।
এবার আড়াই লাখের নিচে ভোটার রয়েছে তিনটি আসনে; যেগুলোয় ২৫ লাখের বেশি অর্থ খরচ করার সুযোগ নেই।
বাকি ২৯৭ আসনের প্রার্থীরা ২৫ লাখ টাকার বেশি খরচ করতে পারবেন। এর মধ্যে সর্বোচ্চ অর্থ খরচের সুযোগ রয়েছে গাজীপুর-২ আসনের প্রার্থীদের। তারা সর্বোচ্চ ৮০ লাখ ৪৩ হাজার ৩৩০ টাকা পর্যন্ত ব্যয়ের সুযোগ পাবেন।
সংসদ নির্বাচনে ইতোমধ্যে ১৯৮১ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে। এর মধ্যে ৫১ দলের ১৭৩২ জন আর স্বতন্ত্র ২৪৯ জন।
