ইটভাটার জন্য মাটি খননের গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ইটভাটার জন্য মাটি খননের একটি গর্তে পড়ে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড, পূর্ব-ফটিকছড়ি গ্রামের করিম বাবার বাড়ির পাশে এই ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- হাবিবুর রহমানের কন্যা সাকি আকতার (৯) এবং জাকির হোসেনের কন্যা সানজিদা আকতার (৮)। তারা দুজনই ভুজপুর আল-মাহাদুল ইসলাম বালক-বালিকা মাদরাসার নূরানী বিভাগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালবেলায় দুই শিশু মাদরাসায় যায়। ফেরার পথে খেলতে গিয়ে তারা গভীর ওই গর্তে পড়ে। স্থানীয় কয়েকজন পথচারী তাদের চিৎকার শুনে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভুজপুর থানা পুলিশ দুই শিশুর লাশ উদ্ধার করে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে ইটভাটার মাটি খননের জন্য তৈরি করা গর্তগুলোই এই দুই শিশুর মৃত্যুর মূল কারণ। ইটভাটা মালিকরা যে যার মতো করে মাটি খনন করছেন এবং কোনো আইন মানছেন না। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, এই দুই শিশুর মৃত্যুর দায় কে নেবে এবং রাষ্ট্র কি এ দায় এড়িয়ে যেতে পারবে?

দুই শিশুর পরিবারে সরেজমিনে গিয়ে দেখা গেছে, শোকের মাতম চলছে। মা-বাবা ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। বুক চাপড়ে বিলাপ করছেন সন্তান হারানো মা-বাবারা।

ভুজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য অনুমতি চাওয়া হয়েছে। এছাড়া তারা এখনো কোনো ইটভাটা মালিকের বিরুদ্ধে অভিযোগ করেননি; অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights