‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মে ফ্র্যাঞ্চাইজিদের মতামত চেয়েছে বিসিসিআই
অনলাইন ডেস্ক
চলতি বছরে অনুষ্ঠিত হওয়া আইপিএলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে বিতর্ক দেখা দেয়। সাবেক ও বর্তমান ক্রিকেটোর থেকে শুরু করে অনেকে খেলার স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখার জন্য নিয়মটি বাতিলের দাবি জানান। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজির কাছে চিঠি পাঠিয়েছে বিসিসিআই।
আগামী ৩১ আগস্ট পর্যন্ত দলগুলোকে মতামতের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ২০২৩ সাল থেকে চালু হওয়া এই নিয়মটি ২০২৭ আইপিএল শুরুর আগেই বাতিল করা হতে পারে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই দশটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছে এবং এ বিষয়ে তাদের মতামত জানতে চেয়েছে।
এর আগে আইপিএলের অধিনায়কদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, টুর্নামেন্ট শেষে ক্রিকেট পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সব ফ্র্যাঞ্চাইজির মতামত নেওয়া হবে। সেই অনুযায়ী, আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজির মতামত চেয়ে চিঠি পাঠিয়েছে।
মতামত চাওয়ার বিষয়টি কেবল ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মের মধ্যেই সীমাবদ্ধ নয়। ফ্র্যাঞ্চাইজিগুলোকে পিএমওএ বা ‘প্লেয়ার অ্যান্ড ম্যাচ অফিশিয়ালস এরিয়া’ সংক্রান্ত উদ্বেগ, আম্পায়ারিংয়ের মান, অনুশীলনের আয়োজন এবং খেলার পরিবেশ বা শর্তাবলী নিয়েও তাদের মতামত জানাতে বলা হয়েছে।
পিএমওএ সংক্রান্ত বিষয়টি সামনে এসেছে আইপিএল ২০২৬ চলাকালীন দুর্নীতিবিরোধী নিয়ম লঙ্ঘনের ঘটনার পরিপ্রেক্ষিতে। ওই সময় খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের জন্য নির্ধারিত এলাকায় (পিএমওএ) অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ করতে দেখা গিয়েছিল। এই ঘটনাগুলোর জেরে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য মৌসুম চলাকালীনই বিশেষ নির্দেশিকা জারি করতে বাধ্য হয়েছিল।
‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মে কোনো পরিবর্তন আনা হবে, নাকি এটি পুরোপুরি বাতিল করা হবে তা নির্ভর করবে ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্মিলিত মতামত এবং পরবর্তী পর্যায়ে বোর্ডের আলোচনার ওপর। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
