উখিয়ায় অপহরণের পর গুলি করে রোহিঙ্গা যুবককে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে অপহরণের পর গুলি করে হত্যা করেছে একদল দুষ্কৃতকারী।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কুতুপালং ৪ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্প এর ডি/৮ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত যুবক মো. ফয়সাল (২৮) ওই ক্যাম্পের সি/২ ব্লকের মো. রফিকের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শামীম হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের বাসিন্দা মাস্টার ফয়সালকে কিছু অজ্ঞাত সন্ত্রাসীরা মুখ বেঁধে অপহরণ করে ক্যাম্প-১৮ এর দিকে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ক্যাম্প-৪ এর ডি/৮ নং ব্লকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।
ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে তাকে অপহরণ করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে আজ শুক্রবার ভোরে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন ও থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights