এ দেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই : সিসিক প্রশাসক
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী বলেছেন, অনেক রক্তের বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তাই এ দেশে ফ্যাসিবাদের আর কোনো স্থান নেই। ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অপচেষ্টা করলে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।
বুধবার ভোর ৬টা ১ মিনিটে সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নগরের রিকাবিবাজারস্থ ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, ৪ আগস্ট সিলেটে ফ্যাসিস্ট শক্তি রক্তের হোলি খেলায় মেতে উঠেছিল। সেদিন আমরা অনেক সহযোদ্ধাকে হারিয়েছি, অনেকে আহত হয়েছেন, কেউ কেউ চিরতরে পঙ্গুত্ববরণ করেছেন। গোলাপগঞ্জে সাতজন, বিয়ানীবাজারে তিনজন এবং সিলেটে তিনজন শহীদ হন। তাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। এ আন্দোলনের পথে এম. ইলিয়াস আলীসহ অনেক নেতাকর্মী গুম হয়েছেন, অসংখ্য মানুষ শহীদ ও আহত হয়েছেন। কিন্তু গণতন্ত্রকামী মানুষ কখনো আন্দোলন থেকে পিছিয়ে যাননি। শেষ পর্যন্ত জনগণের বিজয়ই প্রতিষ্ঠিত হয়েছে।
