এক ঘণ্টা বন্ধ থাকার পর সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক
রাজধানীর সদরঘাট নৌবন্দর থেকে দক্ষিণাঞ্চলের সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল এক ঘণ্টা বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার দুপুরে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রেখেছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, নদীবন্দরগুলোতে সতর্কসংকেত জারি থাকায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দুপুর ১২টার পর লঞ্চ চলাচল বন্ধ করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলেও জানানো হয়েছিল।

তবে দুপুর দেড়টার দিকে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়।

হঠাৎ এ ঘোষণায় দক্ষিণাঞ্চলগামী অনেক যাত্রী টিকিট কেটে সদরঘাটে এসে বিপাকে পড়েন। লঞ্চ চলাচল বন্ধের খবর পেয়ে বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা। পরে লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান, বর্তমানে নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্কসংকেত দেখানো হচ্ছে। এজন্য লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী না নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রী পূর্ণ হলে দ্রুত ঘাট ত্যাগের নির্দেশ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights