এফডিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি না
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে চলমান বিতর্কের মধ্যেই বিস্ফোরক মন্তব্য করেছেন দেশের কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা। নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও এফডিসির বর্তমান পরিবেশ নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন তিনি। চলচ্চিত্র জগতের বর্তমান অবস্থা নিয়ে তাঁর বলা কথা তুলে ধরেছেন- আলাউদ্দীন মাজিদ
মৃত্যুর পর আপনার লাশ যেন এফডিসি প্রাঙ্গণে না নেওয়া হয়, সম্প্রতি এমন মন্তব্য করেছেন কোন আক্ষেপ থেকে?
দেখুন এটি কোনো আক্ষেপ নয়, কষ্টের কথা। এফডিসি একসময় ছিল চলচ্চিত্রের মানুষের দ্বিতীয় আবাসস্থল। কিন্তু এখন আর আগের মতো নেই। এখানে সম্মান, মূল্যবোধ সবকিছুই নষ্ট হয়ে যাচ্ছে। জীবনে কোনো দিন আমি শিল্পী সমিতিতে যাব কি না আমার জানা নেই। তবে মৃত্যুর পর আমার লাশ যেন এফডিসিতে নেওয়া না হয়।
শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়েছিলেন, এই নির্বাচন নিয়ে কী বলবেন?
এবারের শিল্পী সমিতির নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ছিল না। ভোট গ্রহণ থেকে শুরু করে ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের অসংগতি প্রত্যক্ষ করেছি। এখনকার চলচ্চিত্রের মানুষগুলোর মধ্যে সিনিয়র শিল্পীদের শ্রদ্ধা করার মতো মানসিকতা একেবারেই নেই। নায়করাজ রাজ্জাকও জীবদ্দশায় অভিমান করে বলেছিলেন, তাঁর মৃত্যুর পর যেন লাশ এফডিসিতে না নেওয়া হয়। সেই অভিজ্ঞতা ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে তিনি অনেক আগেই নিজের পরিবারকেও একই নির্দেশনা দিয়ে রেখেছেন।
নির্বাচনে নিজের পরাজয়ের কারণেই কি এই কষ্ট?
আমাকে চক্রান্ত করে হারানো হয়েছে। তবে শিল্পী সমিতির প্রতি ক্ষোভ থাকলেও এফডিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি না। সরকারি কোনো অনুষ্ঠান বা প্রযোজক সমিতির সদস্য হিসেবে প্রয়োজন হলে সেখানে যাব। তবে সাধারণ কোনো কারণে এফডিসিতে যাওয়ার ইচ্ছা আর নেই।
বর্ণিল ক্যারিয়ারের পেছন ফিরে তাকালে কী দেখতে পান?
ফেলে আসা দিনগুলো স্বপ্নের মতোই মনে হয়। চলচ্চিত্রে কাজ করব বলেই মঞ্চে অভিনয় করি। সেখান থেকে মিডিয়ার সবার সঙ্গে সখ্য বাড়তে থাকে। একসময় একটি বিজ্ঞাপনে কাজের সুযোগ পাই, যা আমাকে অন্যরকম পরিচিতি পাইয়ে দেয়। জীবনে চলার পথ এত মসৃণ ছিল না। সিনেমায় ছোট চরিত্র দিয়ে অভিনয় শুরু করি। কিন্তু নায়িকা হতে সময় লেগেছে। সিনেমায় নাম ঘোষণা হওয়ার পরও বাদ পড়েছিলাম। নানা চড়াই-উতরাই গেছে অভিনয় ক্যারিয়ারে। নায়িকা হিসেবে আমার প্রথম সিনেমা ‘রাজমহল’। এটি মুক্তির পর তো ইতিহাস সৃষ্টি হয়ে গেল। এরপর আমাকে আর পেছনে তাকাতে হয়নি। দর্শকের মন জয় করে ক্রমেই এগিয়েছি। অসংখ্য সামাজিক ও রোমান্টিক সিনেমা দিয়ে দর্শকের হৃদয়ে পৌঁছে গেছি। দর্শক আমাকে ভালোবাসা দিয়েছেন, এটিই বড় পাওয়া।
অনেকেই বলছেন, চলচ্চিত্রের সোনালি দিন হারিয়ে গেছে- এ বিষয়ে আপনার মন্তব্য কী?
বিষয়টি আমাকে দারুণভাবে নাড়া দেয়। বিএফডিসি এখন ফাঁকা। শুটিং নেই। সবার মধ্যে কেমন যেন আন্তরিকতাও কমে গেছে। আমাদের সময়ে এফডিসিতে অনেক কাজ হতো। গুণী নির্মাতারা সিনেমা নির্মাণ করতেন। দম ফেলারও ফুরসত ছিল না। একই সময়ে চার-পাঁচটি ফ্লোরেও কাজ নিয়ে ব্যস্ত থাকতেন নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। চোখের সামনে কত পরিবর্তন। এসব কথা মনে হলে খুব খারাপ লাগে। এখন যারা কাজ করছেন, তাদের উচিত চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনা, ভালো ভালো সিনেমা দর্শকের কাছে পৌঁছে দেওয়া। তাহলেই আবারও জেগে উঠবে চলচ্চিত্র শিল্প।
‘ফিরে দেখা’ সিনেমা দিয়ে পরিচালনায় অভিষেক হয়েছে, এখন থেকে নিয়মিত পরিচালনায় দেখা যাবে?
আমি চলচ্চিত্রের মানুষ। দর্শক চাইলে তো আর বসে থাকার উপায় নেই। তাদের ভালোবাসা পেলে সিনেমায় নিয়মিত কাজ করতে চাই। প্রথম সিনেমায় যা দেখাতে পারিনি, তা পরবর্তী সিনেমাগুলোয় তুলে ধরার চেষ্টা করব। অভিনেত্রী হিসেবে দর্শকের ভালোবাসা পেয়েছি। ভবিষ্যতে আরও ভালো গল্পের কাজ দিয়ে নির্মাতা হিসেবেও নিজেকে প্রমাণ করার ইচ্ছা রয়েছে।
‘এখনই সময়’ নামে নতুন একটি সিনেমা নির্মাণের কথা বলেছিলেন। কাজের অগ্রগতি কতদূর?
সিনেমাটির চিত্রনাট্যের কাজ শেষ। যৌতুকবিরোধী গল্পটিতে রয়েছে সামাজিক বক্তব্য। সিনেমাটি নিয়ে বিস্তারিত বলার সময় আসেনি। নানা পরিকল্পনা করছি। সবকিছু পাকাপাকি হলেই জানাব।
অভিনয়ের পাশাপাশি পরিচালনা কতটা চ্যালেঞ্জিং মনে হয়?
সহজই মনে হয়। সময় এখন কারিগরি দিক থেকে অনেক এগিয়ে। অভিনয় বা পরিচালনায় ভুল হলে দেখে ঠিক করা যায়। সহকর্মীদের কাছ থেকে বেশ সহযোগিতা পাচ্ছি। এ কারণে দুটি কাজ একসঙ্গে করতে বেগ পেতে হয় না।
অভিনয়ে এখন আর দেখা যায় না আপনাকে, কিন্তু কেন?
দীর্ঘদিন ধরে মানসম্মত গল্প নেই, এখন চলচ্চিত্রের গল্পে দেশীয় সংস্কৃতি ও জীবনবোধের চিত্রের যথেষ্ট অভাব রয়েছে। তার পরেও কিছু ভালো চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। কিন্তু সেটি সংখ্যায় খুবই কম। তা ছাড়া আমাদের চলচ্চিত্রে সিনিয়র শিল্পীদের গুরুত্ব দিয়ে চরিত্র তৈরি করা হয় না। এ অবস্থায় অভিনয় করে এতদিনের সু-অর্জন নষ্ট করতে চাই না। ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই অভিনয় করব।
