এবার ট্রাম্পকে পাল্টা খোঁচা ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর!

অনলাইন ডেস্ক

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁকে প্রায়ই খোঁচা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পকে পাল্টা খোঁচা দিলেন মাক্রোঁ। শুধু তা-ই নয়, ট্রাম্প প্রশাসনের বিবিধ সিদ্ধান্তের সমালোচনা করে যুক্তরাষ্ট্রকে চীনের সঙ্গে কার্যত এক আসনে বসালেন তিনি।

চলতি বছরের শেষে আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়াতে পারে বলেও ভবিষ্যদ্বাণী করলেন ম্যাক্রোঁ।

মঙ্গলবার ‘ফিন্যানসিয়াল টাইমস’-কে সাক্ষাৎকার দেন ম্যাক্রোঁ। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, “বাণিজ্যের ক্ষেত্রে আমরা চীনের সুনামির মুখোমুখি হচ্ছি। অন্যদিকে, আমেরিকার দিক থেকে বারবার স্থিতাবস্থা নড়িয়ে দেওয়া হচ্ছে।”

ট্রাম্প প্রশাসনকে সরাসরি ‘ইউরোপ-বিরোধী’ বলেও তোপ দাগেন তিনি। ট্রাম্পের নাম উল্লেখ না করেই ফরাসি প্রেসিডেন্ট বলেন, “যখন আগ্রাসি আচরণ করা হবে, তখন মাথা নত করা ঠিক নয়। বোঝাপড়ায় আসাও উচিত নয়।”

ফ্রান্স, স্পেনের মতে ইউরোপের বেশ কিছু দেশ শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে। এই সিদ্ধান্তকে আমেরিকা যে ভালভাবে নিচ্ছে না, তা আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে হোয়াইট হাউস।

ম্যাক্রোঁর দাবি, বছরের শেষে এই বিষয়টিকে নিয়ে সংঘাতের পথে হাঁটতে পারেন ট্রাম্প। এই প্রসঙ্গে অবশ্য আমেরিকাকে কঠোর বার্তা দিয়ে ম্যাক্রোঁ বলেন, “ইউরোপীয়দের বলা উচিত যে, আমাদের শিশুদের মাথা বিক্রির জন্য নয়। আমাদের শিশুদের আবেগকে ব্যবহার করে আমেরিকা কিংবা চীনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলো অর্থ উপার্জন করতে পারে না।”

প্রসঙ্গত, এর আগে একাধিকবার ম্যাক্রোঁকে কটাক্ষ করেছেন ট্রাম্প। গাজায় শান্তি ফেরানোর জন্য তার প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে রাজি না হওয়ায় ফ্রান্সের ওয়াইন এবং শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর পাশাপাশি আমেরিকার গ্রিনল্যান্ড অধিগ্রহণের দাবি সমর্থন না করায় ইউরোপের আটটি দেশের পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি। এই আটটি দেশের মধ্যে ফ্রান্সও রয়েছে। সূত্র: ফিন্যানসিয়াল টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights