এভারেস্টজয়ী নিম্নির পতাকা প্রত্যর্পণ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশি নারী পর্বতারোহী নুরুননাহার নিম্নির এভারেস্ট জয় উপলক্ষে পতাকা প্রত্যর্পণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এভারেস্ট শিখরে উত্তোলিত জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ করেন নিম্নি। পাশাপাশি তিনি তার এভারেস্ট অভিযানের অভিজ্ঞতা ও স্লাইড উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালি দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল এবং বিশিষ্ট নারী অধিকারকর্মী শিরীন পারভিন হক, অভিযানের স্পনসর প্রতিষ্ঠান পূবালী ব্যাংক পিএলসির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফারজিন আহমেদ ও এভারেস্ট বিজয়ী এম এ মুহিত। পুরো অভিযানের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ছিল বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। অনুষ্ঠানে বক্তারা বলেন, নিম্নির এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়। এটি বাংলাদেশের নারীদের ক্ষমতায়ন, সাহস এবং সম্ভাবনারও প্রতীক। তিনি প্রমাণ করেছেন বাংলাদেশের নারীরা শুধু ঘর কিংবা কর্মক্ষেত্রেই নয় বরং পৃথিবীর সর্বোচ্চ শিখরেও নিজেদের সক্ষমতার স্বাক্ষর রাখতে পারেন। এভারেস্ট বিজয়ের এই গল্প আগামী প্রজন্মকে সাহস, আত্মবিশ্বাস এবং স্বপ্নপূরণের শক্তি জোগাবে বহুদিন ধরে। উল্লেখ্য, চলতি বছরের ২৭ মে নেপালের সময় ভোর ৫টা ২৪ মিনিটে এভারেস্ট শিখরে আরোহণ করেন এবং সেখানে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights