কক্সবাজারে আকস্মিক ঝোড়ো হাওয়ার তাণ্ডবে নিহত ১, আহত ১৫

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের হঠাৎ আঘাত হানা আকস্মিক ঝোড়ো হাওয়ায় বেশ কিছু বসতবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে। ঝড়ের তাণ্ডবে গাছপালা ভেঙে পড়ার পাশাপাশি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বজ্রপাতসহ বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার আগ মুহুর্তে আকাশ লাল কমলা রং ধারণ করে। সন্ধ্যার পরপরই এই কালবৈশাখী ঝড়ের আকস্মিক তাণ্ডব বয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই দমকা বাতাসের সঙ্গে তীব্র বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। মুহূর্তের মধ্যেই বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝড়ের তীব্রতায় অনেক বসতঘর ও দোকানের টিনের চালা এবং বেড়া উড়ে যায়। এছাড়া বিভিন্ন স্থানে গাছের ডালপালা ভেঙে সড়কে পড়ে যাওয়ার ফলে অভ্যন্তরীণ যোগাযোগ ও যান চলাচলে বিঘ্ন ঘটে।

এসময় পেকুয়ায় বজ্রপাতে গুরুতর আহত আবুল হোসেনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি রাজাখালী ইউনিয়নের বকসিয়াঘোনা এলাকার মৃত নজির আহমদের ছেলে। এছাড়া টেকনাফের সাবরাং এলাকায় ধানখেতে কাজ করার সময় মোহাম্মদ আলম (২৬) নামে এক যুবক বজ্রপাতে গুরুতর আহত হলে থাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, মগনামা ইউনিয়নের কাটাপাড়ি ব্রিজসংলগ্ন বাইন্যাঘোনা এলাকায় ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি ছিল। সেখানে অন্তত ১০টি দোকান ও বেশ কয়েকটি বসতবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বেশ কিছু দোকানের টিনের চালা উড়ে গিয়ে প্রায় ১০০ মিটার দূরে প্রধান বিদ্যুতের লাইনের ওপর গিয়ে পড়ে, যার ফলে ওই পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

এদিকে কুতুবদিয়ায় বজ্রপাতে আবুল কাশেম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মেইজ্জার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই এলাকার প্রয়াত মোখলেছুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে উত্তর ধুরুং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেইজ্জার পাড়ার আবুল কাশেম স্থানীয় ডায়াবেটিস মার্কেট থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ বজ্রপাতে তিনি অচেতন হয়ে রাস্তায় পড়ে যান।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বজ্রপাতে বৃদ্ধের মৃত্যুর খবর নিশ্চিত করেন। সুরতহাল প্রতিবেদনের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights