কথা-কাটাকাটির একপর্যায়ে থাপ্পড়, স্বামীর শরীরের একাধিক স্থানে ব্লেড চালালেন দ্বিতীয় স্ত্রী
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় স্বামীর গলা ও নিম্নাঙ্গে ধারালো ব্লেড দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রী সুমাইয়া খাতুনকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত স্বামী মিরাজ বিশ্বাস (৪৫) ও তার দ্বিতীয় স্ত্রী সুমাইয়া খাতুন (২৫) আড়ুয়াকান্দী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর সুমাইয়া খাতুনকে আটক করা হয়। বর্তমানে মিরাজ বিশ্বাস শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মিরাজ বিশ্বাস জানান, সুমাইয়া খাতুন তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর প্রায় এক বছর আগে তিনি সুমাইয়াকে বিয়ে করেন। গত দুই-তিন দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। এ সময় স্ত্রী তার সেবা করেননি। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বুধবার তিনি স্ত্রীকে একটি থাপ্পড় দেন।
তিনি আরও বলেন, ঘটনার রাতে তারা একই সঙ্গে ঘুমিয়েছিলেন। আনুমানিক রাত ৩টার দিকে সুমাইয়া বাইরে চলে যান। পরে ফিরে এসে ধারালো ব্লেড দিয়ে তার গলা ও নিম্নাঙ্গে আঘাত করেন বলে অভিযোগ করেন মিরাজ।
মিরাজের বাবা আবু বকর বলেন, বিয়ের পর থেকেই ছেলে ও পুত্রবধূর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা চলছিল। বুধবার রাতে তারা একসঙ্গেই ছিলেন। রাত ৩টার দিকে হঠাৎ মিরাজ চিৎকার করে জানান, তার স্ত্রী সুমাইয়া গলা ও নিম্নাঙ্গ কেটে দিয়েছেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্যা বলেন, আড়ুয়াকান্দী গ্রামে স্বামীর গলা ও নিম্নাঙ্গ কাটার অভিযোগে সুমাইয়া নামের এক গৃহবধূকে আটক করা হয়েছে।
