কমিউটার ট্রেনে যত অভাব-অভিযোগ
আসন্ন পবিত্র ঈদুল আজহায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে আপন ঘরে ফিরতে শুরু করেছেন মানুষ। ট্রেন, লঞ্চ আর বাসযোগে যে যার মতো করেই গ্রামে ফিরছেন তারা। সোমবার (২৬ জুন) সকালে দিনের প্রথম ট্রেন রাজশাহী অভিমুখী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ট্রেনযোগে ঈদযাত্রার তৃতীয় দিন শুরু হয়।
আন্তঃনগর ট্রেন নিয়ে এবার কোনো অভিযোগ না থাকলেও পাওয়া-না পাওয়ার অভিযোগ উঠেছে কমিউটার ট্রেন নিয়ে। যাত্রীদের অভিযোগ তিনটি টিকিট নিলে একটা আসন দেওয়া হচ্ছে। আবার গাজীপুরে ২০ টাকা ভাড়া হলেও নেওয়া হচ্ছে প্রায় শতাধিক টাকা। কমলাপুর স্টেশন থেকে এসব চিত্র উঠে এসেছে।
এদিন সকালে গাজীপুর যাবেন শফিউল্লা শিকদার। তিনি দীর্ঘ লাইন শেষে টিকিট হাতে পান। তবে সে টিকিট ২০ টাকার না, মোহনগঞ্জের ৯৫ টাকার টিকিট হাতে দেওয়া হয়। তিনি বলেন, আমি গাজীপুর যাবো, কেনো আমাকে মোহনগঞ্জের টিকিট দেওয়া হবে।
একই অভিযোগ করেন অপর যাত্রী হেলাল উদ্দিন। তিনি বলেন, আমাকে গাজীপুরের টিকিট দেওয়া হবে না এটা আগেই বলা উচিৎ ছিল। আমি ৯৫ টাকায় টিকিট কেন কাটবো। যে সময়ে আমি লাইনে দাঁড়িয়েছি সে সময়ে আমি বাসে উঠলে গাজীপুর চলে যেতাম। এখানে মাইকেও বলা হচ্ছে না।
এ নিয়ে কমিউটার ট্রেনের কাউন্টারগুলোয় কথা বলতে চাইলে তারা কেউ এ বিষয়ে মন্তব্য করেননি। তবে কমলাপুর রেলওয়ে কর্তৃপক্ষের একটি সূত্র বলছে, অনেক যাত্রী গাজীপুরের টিকিট কেটে শেষ গন্তব্য পর্যন্ত চলে যান। এ কারণে ঈদের আগে পরে গাজীপুরের টিকিট দেওয়া হচ্ছে না।
এর আগে গত ১৪ জুন থেকে আন্তঃনগর ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী ১৪ জুন দেওয়া হয় ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেওয়া হয় ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন দেওয়া হয় ২৮ জুনের অগ্রিম টিকিট।
আর ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হয় ২২ জুন থেকে। সেই হিসাবে ২২ জুন দেওয়া হয় ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট দেওয়া হচ্ছে ফিরতি ট্রেনের টিকিট।
এবারও ঈদযাত্রায় আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে মোট আসনের ২৫ শতাংশ। ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর ও জয়দেবপুর স্টেশন থেকে এসব টিকিট পাওয়া যাবে। শুধু যাত্রা শুরুর দিন আসনবিহীন টিকিট স্টেশনের কাউন্টার থেকে কেনা যাবে। এবার ঈদযাত্রায় ঢাকা থেকে আন্তনগর ট্রেনে প্রতিদিন প্রায় ২৯ হাজার আসনের টিকিট বিক্রি হবে। আর কমিউটার ও আন্তঃনগর মিলে প্রায় ৫০ হাজারের অধিক মানুষ ঢাকা ছাড়বেন আজ।
এবার ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে দেওয়া হলেও টিকিট বিক্রিতে কিছুটা পরিবর্তন আনা হয়। অনলাইনে দুই ভাগে দেওয়া হয় অগ্রিম টিকিট। ঈদযাত্রায় পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যায় সকাল ৮টা থেকে। আর দুপুর ১২টা থেকে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হয়।
