কয়েক বছর পর বড় পর্দায় ফিরছেন

অনলাইন ডেস্ক

কয়েক বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা সালমান খান। চলতি বছরের ইদে মুক্তি পেতে চলেছে ‘ভাইজান’-এর নতুন ছবি, ‘কিসি কা ভাই, কিসি কি জান’।

ইতোমধ্যেই ‘পাঠান’ ছবিতে কয়েকটি দৃশ্যে শাহরুখ খানের সঙ্গে তার যুগলবন্দি নজর কেড়েছে দর্শকের। দুই তাবড় তারকাকে পর্দায় এক ফ্রেমে দেখতে পাওয়া অনুরাগীদের কাছে কম বড় পাওনা নয়।

ঈদ উপলক্ষে অনুরাগীদের জন্য আরও এক চমক নিয়ে আসছেন ভাইজান। জানা গেছে, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে গানও গাইতে চলেছেন সালমান। ছবির অ্যালবামে থাকছে ‘নাইয়ো লাগদা’ গানের অন্য একটি ভার্শন। সেই সংস্করণটি গাইবেন সালমান নিজেই। এতে সুর করবেন হিমেশ রেশমিয়া।
অবশ্য, সালমানের কণ্ঠে গান এই প্রথম নয়। এর আগে বেশ কয়েকটি ছবিতে তাকে শ্রোতারা গায়কের ভূমিকায় দেখেছেন। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কিক’ ছবিতে ‘হ্যাংওভার’ গানটি গেয়েছিলেন তিনি। তার পরের বছর নিজের প্রযোজিত ‘হিরো’ ছবিতে টাইটেল ট্র্যাকের একটি ভার্শনে শোনা যায় সালমানের কণ্ঠ। ছবিতে আরমান মালিকের গাওয়া গানটির পাশাপাশি জনপ্রিয় হয়েছিল সালমানের গাওয়া গানের ভার্শনও। গানের প্রতি যে তার ভাল লাগা আছে, তার প্রমাণ সালমানের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতা। সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকারের প্রয়াণের পর তারই একটি গানের কয়েক কলি গেয়ে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেতা।

এখনই এই গান নিয়ে বিশেষ কোনও তথ্য দিতে নারাজ ছবির নির্মাতারা। ঈদের আগে অনুরাগীদের চমকে দিতে চান সালমান। তাই ছবি মুক্তির আগেই তার গাওয়া গানটি প্রকাশ্যে আনার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights