কাপ্তাই হ্রদে তিন মাস ৬ দিন মাছ শিকার বন্ধ
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
রাঙামাটির কাপ্তাই হ্রদে টানা তিন মাস ছয়দিন মাছ শিকার বন্ধ থাকবে। শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।
হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবিস্তার এবং মা মাছের সুরক্ষা নিশ্চিত করতেই প্রতি বছর নির্দিষ্ট সময়ের জন্য মাছ ধরা বন্ধ রাখা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে সাধারণত ১ মে থেকে নিষেধাজ্ঞা শুরু হলেও খরার কারণে পানির স্তর কমে যাওয়ায় এবার ছয় দিন আগে থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বিএফডিসি সূত্র জানায়, কাপ্তাই হ্রদ দেশের কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজননের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। এ সময় মাছ ধরা বন্ধ না রাখলে মা মাছ নিধনের ঝুঁকি বাড়ে এবং পোনা উৎপাদন ব্যাহত হয়।
রাঙামাটি বিএফডিসির বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম জানান, নিষেধাজ্ঞাকালীন সময়ে হ্রদে পর্যাপ্ত পোনা মাছ অবমুক্ত করা হবে। পাশাপাশি নিবন্ধিত ২৬ হাজার ৮৪৫ জেলে পরিবারের জন্য এক হাজার ৭৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা বিজিএফ কার্ডের মাধ্যমে বিতরণ করা হবে। আগামী ২ মে থেকে এই বিতরণ কার্যক্রম শুরু হবে।
নিষেধাজ্ঞা কার্যকর রাখতে নৌ-পুলিশ ও বিএফডিসির যৌথ টহল জোরদার করা হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট বসানোসহ ভ্রাম্যমাণ আদালতের অভিযানও অব্যাহত থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
