কালিয়াকৈরে বেতন-বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর
কালিয়াকৈর (গাজীপুর) স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে।
এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।
একপর্যায়ে স্থানীয় সাদমা টেক্সটাইল নামের একটি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। পরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় লেন অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান। এতে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সাদমা টেক্সটাইল মিলের শ্রমিক মো. সুজন জানান, সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ ৫০ থেকে ৬০ জন শ্রমিক কারখানার সামনে এসে ভাঙচুর শুরু করেন। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গিয়ে আন্দোলন শুরু করেন। তাঁকেও আন্দোলনে যোগ দিতে বলা হয়েছিল, তবে তিনি অংশ নেননি বলে জানান।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শিল্প পুলিশ আসছে। এ ছাড়া পোশাক কারখানার মালিকদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনা ও পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।
