কিংস অ্যারিনায় বসুন্ধরা-আবাহনী লড়াই আজ
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ আবাহনী লিমিটেডের মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস। আগের ম্যাচে পুলিশ এফসির কাছে পরাজিত হয়েছে মারিও গোমেজের দল। অন্যদিকে আবাহনী ড্র করেছে পিডব্লিউডির সঙ্গে। দুই দলের সামনেই জয়ে ফেরার মিশন। বসুন্ধরা কিংসের সামনে লিগের প্রথম পর্বে শীর্ষস্থান ধরে রাখার ম্যাচ। আজ জিতলে কিংস ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে। ফর্টিস ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। আজ তারা মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়নের। ফর্টিস পয়েন্ট হারালে বসুন্ধরা কিংস প্রথম পর্বে শীর্ষস্থান নিশ্চিত করে নিতে পারবে আজই। তবে ফর্টিস জিতে গেলে অপেক্ষায় থাকতে হবে মারিও গোমেজের শিষ্যদের। আবাহনী চলমান লিগে ৯ পয়েন্ট সংগ্রহ করে পাঁচ নম্বরে আছে। শিরোপার লড়াইয়ে টিকে থাকার জন্য তাদেরও জয়ের বিকল্প নেই। গত মৌসুমে বসুন্ধরা-আবাহনী লিগে একবার করে জয় পেয়েছে পরস্পরের বিপক্ষে। এদিকে বাংলাদেশ ফুটবল লিগে গতকাল দারুণ জয় পেয়েছে পুলিশ এফসি। তারা ৩-০ গোলে হারিয়েছে আরামবাগকে। এ জয়ে পুলিশ এফসি ১৩ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে উঠেছে।
