কিশোরগঞ্জে অটোচালক হত্যায় গ্রেফতার ১
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে অটোরিকশা চালক আল আমিন (১৫) হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার ভোরে তাড়াইল উপজেলার পং পাচিহা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহিন মিয়া (২৩) ওই উপজেলার পং পাচিহা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
র্যাব সূত্র জানায়, গত সোমবার কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের পাঁচধা গ্রামের একটি ধানক্ষেত থেকে আল আমিনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। আল আমিন তাড়াইল উপজেলার ভেরনতলা গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।
ঘটনার আগেরদিন সকালে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
পরদিন সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার পাঁচধা গ্রামের একটি ধানক্ষেতে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গত মঙ্গলবার নিহত আল আমিনের বড় ভাই আলমগীর হোসেন বাদী হয়ে তাড়াইল থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, মামলা দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যে র্যাব শাহিন মিয়াকে গ্রেফতার করে। পরে তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। এ মামলায় জড়িত অন্যদেরকে গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
