কিশোরগঞ্জে নিখোঁজের একদিন পর পর্যটকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনার হাওরে নিখোঁজের একদিন পর কাউসার ইসলাম(২৬) নামে পটুয়াখালীর এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। বুধবার(২২ জুলাই) দুপুরে উপজেলার বাদলা ইউনিয়নের বর্শিকুড়া-শেরপুর হাওরের বগাডুবি সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

কাউসার ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার বড়িপাশা গ্রামের আবদুর রব শিকদারের ছেলে। তিনি রাজধানীর উত্তরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

তার বড় ভাই নজরুল ইসলাম জানান, গতকাল সকালে কাউসারসহ ৫৬ জনের একটি দল ঢাকা থেকে কিশোরগঞ্জের হাওরে ঘুরতে যান। তারা গাড়িতে ইটনা উপজেলার চৌগাংগা এলাকায় পৌঁছানোর পর নৌকা করে বগাডুবি সেতু এলাকায় যান। দুপুর আড়াইটার দিকে তারা সেতুর পাশে ডুবে যাওয়া সড়কে কয়েকজন গোসল করতে নামেন। এ সময় একজনকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে পানিতে তলিয়ে যায় কাউসার। এরপর আশপাশে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। কাউসার ইসলাম সাঁতার জানতেন না বলেও জানান তিনি।

কাউসারের সহকর্মী মিজানুর রহমান জানান, গোসলের সময় তাদের আরেক সহকর্মী সাগর ইসলাম স্রোতে তলিয়ে যাচ্ছিলেন। তাকে উদ্ধারের জন্য কাউসারসহ কয়েকজন এগিয়ে যান। একপর্যায়ে উদ্ধারকারীরাও স্রোতে পড়ে যান। সাগর ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া সম্ভব হলেও কাউসারকে খুঁজে পাওয়া যায়নি।

বাদলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক(এসআই) নঈমুল ইসলাম জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় ওইদিন অভিযান স্থগিত করা হয়। আজ সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হলে বগাডুবি সেতুর নিচ থেকে কাউসার ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights