কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
কুমিল্লা প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে ছুফুয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ তথ্যটি নিশ্চিত করেছেন। তবে তিনি তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুফুয়া এলাকায় ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা মদিনা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের পিছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেলচালক ও আরোহী মারা যান। হাইওয়ে পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
কুমিল্লা মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মরদেহ দুটি থানায় রাখা হয়েছে। দুই যুবকের পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
